বিনোদন ডেস্ক- ঢালিউডের অন্যতম শীর্ষ নায়িকা অপু বিশ্বাস। অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিরতি শেষে আবারও সিনেমার শুটিংয়ে ফিরেছেন। একাধিক নতুন সিনেমা এখন তার হাতে। এরই ধারাবাহিকতায় ’প্রেম প্রীতির বন্ধন’ নামের নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন অপু বিশ্বাস।
গত (৩০ সেপ্টেম্বর) পাবনা জেলায় এ সিনেমাটির শেষ ভাগের দৃশ্যধারণ কাজ শুরু হয়েছে। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক জয় চৌধুরী। যিনি এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছেন জয়।
এদিকে, অপু বিশ্বাস পাবনায় সিনেমা শুটিং করছেন, এটা শুনেই পাবনা এবং তার পাশ্ববর্তী এলাকার হাজার-হাজার মানুষ দলবেঁধে সিনেমার শুটিং ও অপু বিশ্বাসকে কাছ থেকে একবার দেখার জন্য আসছেন।কিন্তু এতো মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে সিনেমার টিমের সদস্যরা। শুটিংয়ের সঙ্গে দেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে সরাসরি দেখার সুযোগ তাই জটলাও বেশি। এতে করে পরিচালকের সময়ও নষ্ট হচ্ছে, তবে পরিচালকের কোনো অভিযোগ নেই। তিনি বরং খুশি হচ্ছে।
শনিবার (২ অক্টোবর) বিকালের দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন অপু। তিনি সাধারণত লাইভে আসেন না। তবে হাজারো মানুষের ভালোবাসা আর উচ্ছ্বাস দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি। নেটিজেনদের সঙ্গেও সেই মুহূর্তটি শেয়ার করে নিয়েছেন।
লাইভে এসে অপু বলেন, ‘সত্যি একটি কথা বলার জন্য হঠাৎ করে লাইভে আসলাম। ২০১২ সালের পর এই প্রথম আমি কোনো গানের জন্য এতো অ্যারেঞ্জমেন্ট পেলাম। এমনটা আমি পেয়েছি আগেও। সেই সৌভাগ্য আমার হয়েছে। পরবর্তীতে বাংলাদেশের সিনেমায় ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তবে আরেকটু হলে ভালো হতো- সেই ব্যাপারটা আমি এই সিনেমায় পেয়েছি।’
এরপর মোবাইলের ক্যামেরাটি ঘুরে সেটের আশেপাশের হাজারো মানুষের এক ঝলক দেখান অপু। মন্তব্য নেন সিনেমাটির নায়ক জয় চৌধুরীর কাছ থেকেও। বিশাল অ্যারেঞ্জমেন্টে অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জানা গেছে, ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার ৭০ ভাগ কাজ আগেই শেষ হয়েছিল। বাকি অংশের দৃশ্যধারণ হচ্ছে পাবনায়। সিনেমাটি নির্মিত হচ্ছে উপমা কথাচিত্রের ব্যানারে। এই সিনেমায় অপু বিশ্বাস ও চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।
