রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ১৪ শিক্ষার্থীর সাক্ষ্য নিয়েছে বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি। এছাড়াও প্রত্যাক্ষদর্শী আরো ৯ জনের সাক্ষ্য গ্রহণ চলছে।
জানা যায়, রবিবার (০৩ অক্টোবর) সকাল ৯ টা থেকে ভুক্তভোগী ১৪ শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও ২ ঘন্টা পর শুরু হয় তাদের সাক্ষ্য গ্রহণ। এসময় তদন্ত কমিটি আলাদা আলাদা করে ১৪ শিক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ করে। শিক্ষার্থীদের সাক্ষ গ্রহণ চলে বেলা ২ টা পর্যন্ত।
শিক্ষার্থীদের সাক্ষ্য গ্রহণ শেষে ১৫ মিনিটের বিরতিতে প্রত্যক্ষ্যদর্শী ৯ জনের সাক্ষ্য গ্রহণ শুরু করে তদন্ত কমিটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সাক্ষ্য গ্রহণ চলছিলো।
৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌসী হিমেল, সদস্য হিসেবে রয়েছেন সঙ্গীত বিভাগের চেয়ারম্যান মোঃ রওশন আলম ও আইন কর্মকর্তা খান মোঃ আরমান শোভন।
সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ভুক্তভোগী আন্দোলনরত শিক্ষার্থী শান্ত বলেন, আমরা আমাদের ন্যায় বিচার দাবির আন্দোলন শিথিল করেছি। অফিস চলাকালীন সময়ে আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবো। তদন্ত রিপোর্টের ফলাফল আমাদের বিপক্ষে গেলে আমরা আবারো আন্দোলন শুরু করবো।
