বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’, গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে শোকজ করলো আ.লীগ

নজর২৪, ঢাকা- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে শোকজ করা হয়েছে।

 

সোমবার (৩ অক্টোবর) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ শোকজের চিঠি ইস্যু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বিতর্কিত মন্তব্য করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।

 

ছড়িয়ে পড়া চার মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, হেফাজতের প্রয়াত নেতা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে তার সখ্য ও রাষ্ট্রীয় দুটি সংস্থা নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করছেন মেয়র জাহাঙ্গীর। একটি ঘরোয়া আয়োজনে তিনি এ কটূক্তি করেন বলে জানা যায়।

 

ভিডিওতে বলতে শোনা যায়, মেয়র মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন, বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন।

 

কারণ দর্শানোর চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন মেয়র জাহাঙ্গীর। তিনি বলেন, ‘আমি চিঠির লিখিত জবাব দেবো।’

 

শুরু থেকেই বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করে আসছিলেন মেয়র জাহাঙ্গীর। তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারী ও আমার নির্বাচনের বিরোধিতাকারীরাই এই অপপ্রচার চালিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ যেভাবে চায়, আমি সেভাবেই জবাব দেবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *