নজর২৪, সিলেট- সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকার কাশবনে স্থানীয় লোকজন আগুন লাগিয়ে দিয়েছেন। সদ্য ফুলে ফুলে ভরে ওঠা কাশবনটি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার পর ওই কাশবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট জকিগঞ্জ সড়কে চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশের কাশবনটি দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার (১ অক্টোবর) ছুটির দিন থাকায় শত শত মানুষের আগমন ঘটে কাশবনে। পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। কাশবনের সৌন্দর্য দেখার নাম করে একদল মানুষ এখানে অশ্লীলতা সৃষ্টি করেছেন। প্রতিনিয়ত কাশবনের আড়ালে খারাপ কাজ চলছে। যে কারণে এলাকায় এর প্রভাব পড়ছে।
এদিকে এদিন কয়েকবার ছোট ছোট মারামারির ঘটনা ঘটেছে এখানে। যেকোনো সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। এজন্য সব দিক বিবেচনা করে কাশবনে আগুন দেয়া হয় বলে জানা যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ফয়জুল করিম বলেন, ‘আমরা বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি।’
