বিনোদন ডেস্ক- বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে ‘জখম’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জায়েদ খান। রাজধানীর পাঁচতারকা হোটেলে বিশাল আয়োজন করে ছবিটির নাম ঘোষণা করে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। ছবিটিতে বিশেষ একটি চরিত্রে কলকাতার ঋতুপর্ণা সেনের থাকার কথাও জানান সে সময়ে।
কিন্তু ছবিটি ঘোষণার মাস খানেক পরই অপু বিশ্বাস গণমাধ্যমকে জানান জায়েদ খানের বিপরীতে ছবিটিতে করছেন না তিনি। সে সময় অপু বিশ্বাস বলেন, ‘জখম ছবিটি আমি করছি না। সেটা আমার ব্যক্তিগত কারণেই।’
এবার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হলো ‘জখম’ ছবিটি অপু বিশ্বাস করছেন না। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে অপু বিশ্বাস ছবিটি থেকে সরে দাঁড়িয়েছে।
অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণাও থাকছেন না ছবিটিতে। শিডিউল জটিলতার কারণে তারও থাকা হচ্ছে না বলে জানা গেছে।
তবে জায়েদ খানের নায়িকা থেকে অপু বিশ্বাস সরে দাড়ালেও প্রযোজক জানা ছবিটিতে জায়েদের বিপরীতে কলকাতার জনপ্রিয় এক নায়িকা অভিনয় করবেন। তিনি শ্রাবন্তী। তার সঙ্গে নাকি কথাও হয়েছে তাদের। তবে শ্রাবন্তীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিনেমাটি পরিচালনার দায়িত্ব পাওয়া নির্মাতা অপূর্ব রানা ঋতুপর্ণা-অপুর সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করে দাবি করেছেন, ‘অপু বিশ্বাস সিনেমাটি করতে পারছেন না। তবে তাঁর পরিবর্তনে আমরা কলকাতার শ্রাবন্তীকে চূড়ান্ত করেছি। আগামী ১৫ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত আমাদের শিডিউল দিয়েছেন উনি। আর ঋতুপর্ণাও শিডিউল নিয়ে জটিলতায় আছেন; আমরা বাংলাদেশ থেকে এই চরিত্রের জন্য কয়েক জনের সঙ্গে আলাপচারিতা চালাচ্ছি। তবে শিডিউল মেলাতে পারলে উনি সিনেমাটি করতে পারেন।’
