বিনোদন ডেস্ক- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপস্থাপক এ কে এম হানিফ। যিনি হানিফ সংকেত নামেই অধিক পরিচিত। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর নান্দনিক উপস্থাপনা তাকে এনে দিয়েছে দারুণ দর্শকপ্রিয়তা।
প্রযুক্তির এই যুগে সোশ্যাল মিডিয়ায় সরব হানিফ সংকেত। ফেসবুকে তার নামে একটি পেজ রয়েছে। তাতে নিয়মিত কাজের আপডেট তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। বেশ আগে ফেসবুক কর্তৃপক্ষ তার অফিশিয়াল ফেসবুক পেজে ব্লু টিক দিয়েছে। এবার তার এই পেজে ফলোয়ার বা অনুসারীর সংখ্যা হলো ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটি।
এই মাইলফলক অর্জনের পর হানিফ সংকেত তার অনুসারীদের উদ্দেশ্য কৃতজ্ঞা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় কোটি হৃদয়েরও বেশি মানুষ দেশ বা বিদেশ, যে যেখান থেকে প্রাণ স্পর্শে-আনন্দ হর্ষে-সৎ আদর্শে-চিন্তার উৎকর্ষে-ভালোবেসে আমাদের এই ফেসবুক পেজে সহযাত্রী হয়েছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাদের ভালোবাসায় আমরা ধন্য। শুভ কামনা সবার জন্য।’
জানা যায়, দেশের শোবিজ অঙ্গনে হানিফ সংকেতই প্রথম ব্যক্তিত্ব যার অনুসারী সংখ্যা ১ কোটির মাইলফলক স্পর্শ করলো। তার কাছাকাছি রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। তার অনুসারী সংখ্যা ৯৬ লাখের বেশি। তাহসানের পরের স্থানে রয়েছেন চিত্রনায়কা পরীমনি। এ অভিনেত্রীর অফিশিয়াল পেজে অনুসারীর সংখ্যা ৯৫ লাখের অধিক।
উল্লেখ্য, হানিফ সংকেত প্রথম দর্শকদের নজরে আসেন ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে। ১৯৮৯ সালে তিনি বিটিভিতে নিয়ে আসেন ‘ইত্যাদি’। যা এখনো ধারাবাহিকভাবে চলমান। প্রতি মাসেই অনুষ্ঠানটির নতুন পর্ব প্রচারিত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী ম্যাগাজিন অনুষ্ঠান এই ‘ইত্যাদি’।
এছাড়া তিনি বহু নাটক নির্মাণ করেছেন। তার নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘দুর্ঘটনা’, ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘তোষামোদে খোশ আমোদে’, ‘বিপরীতে হিত’, ‘পুত্রদায়’, ‘কিংকর্তব্য’, ‘ভূত অদ্ভুত’, ‘শোধ বোধ’ ইত্যাদি।





