সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার এএসআই পেয়ারুল ইসলামকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে অভিযুক্ত প্রধান আসামি মাদক কারবারি পারভেজ রহমান ওরফে পলাশ মিয়া।
শনিবার (০২ অক্টোবর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুর জেলা পুলিশ সুপার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাতে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল মাহবুবের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন মাদক কারবারি পলাশ। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক আসামি পলাশকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুর জেলা পুলিশ সুপার জাকির হোসেন আরও জানান, শুক্রবার বিকেলে আসামি পলাশকে জেলহাজত থেকে আদালতে নেয়া হয়। রাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-মাহবুবের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এদিকে বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পিবিআই। কিন্তু আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে হারাগাছের সিগারেট কোম্পানি মোড় এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে পারভেজ রহমান ওরফে পলাশ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই মাদক কারবারির ছুরিকাঘাতের শিকার হন এএসআই পেয়ারুল ইসলাম। পরের দিন দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলা দুটির বাদী হন হারাগাছ থানার উপ-পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান। পুলিশ প্রধানের নির্দেশে এ ঘটনায় মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পেয়ারুল ইসলাম ২০১১ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে ২০১৮ সালের অক্টোবরে রংপুর মেট্রোপলিটন পুলিশে এএসআই পদে যোগদান করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশে যোগদানের পর তিনি সাফল্যের সঙ্গে মাহিগঞ্জ থানা, গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং সর্বশেষ হারাগাছ থানায় কর্মরত ছিলেন।





