জীবন বাজি রেখে ট্রেনের কাটা থেকে বৃদ্ধকে বাঁচালো স্কুলছাত্র

নজর২৪, ব্রাহ্মণবাড়িয়া- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুলছাত্রের কারণে ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পেয়েছেন এক বৃদ্ধ। বৃহস্পতিবার সকালে আখাউড়া বাইপাস রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

স্কুলছাত্র কেফায়েত উল্লাহ পৌর শহরের দেবগ্রাম এলাকার মো. মোজালক মিয়ার ছেলে। সে দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

 

কেফায়েত উল্লাহ জানান, গত এক মাস ধরে সে সদর উপজেলার সুলতানপুরে জালালী ফুটবল একাডেমিতে কোচিং করছে। প্রতিদিন সকালে সেসহ এলাকার বেশ কয়েকজন ছেলে সেখানে গিয়ে কোচিং করে। প্রতিদিনের মতো তারা সকালে বাইপাস সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা যোগে ফুটবল একাডেমিতে যাচ্ছিল। এ সময় তারা দেখতে পায় একজন বৃদ্ধ বস্তা মাথায় নিয়ে রেললাইন দিয়ে অমনোযোগী হয়ে হেঁটে যাচ্ছে। অপরদিক থেকে ওই লাইন দিয়ে দ্রুত গতিতে একটি ট্রেনও আসছে।

 

বিষয়টি দেখার পর আমি জীবন বাজি রেখে দৌড়ে গিয়ে ওই বৃদ্ধকে রেললাইন থেকে সরিয়ে দিই। এক থেকে দুই সেকেন্ড দেরি হলেই লোকটি ট্রেনের ধাক্কা খেতেন। পরে জানতে পারলাম তিনি কানে শোনেন না। পরে লোকটিকে নিরাপদ স্থানে দাঁড় করিয়ে তারা একাডেমিতে চলে যান।

 

তবে তাদের হাতে সময় খুব কম থাকায় বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি বলে জানায়। এ ঘটনার সময় আমার সঙ্গে থাকা অন্যরা ভিডিও করে। পরে তা ফেসবুকে ছেড়ে দেওয়ায় আলোড়ন সৃষ্টি হয়।

 

এদিকে কেফায়েত উল্লাহর এ সাহসিকতার জন্য জালালী ফুটবল একাডেমি থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

 

জালালী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ শেখ সোহরাব জালালী বলেন, আমাদের একাডেমির অন্যতম উদ্দেশ্য হচ্ছে মাদক থেকে মুক্ত থাকা এবং নিজের জীবন বাজি রেখে অন্যের উপকার করা। কেফায়েত উল্লাহর এ সাহসিকতায় আমরা গর্বিত। ভিডিওতে দেখেছি, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকটিকে সে বাঁচিয়েছে। তার মতো ছেলেদের জন্য আমরা গর্ববোধ করি। আমরা আগামী রোববার একাডেমির পক্ষ থেকে কেফায়েত উল্লাহকে সংবর্ধনা ও পুরস্কৃত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *