চাঁদপুরের ইলিশ নিয়ে কলকাতায় ফিরবো: কৌশানি

বিনোদন ডেস্ক- ঢাকার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। শুটিংয়ের জন্য সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা এসেছেন তিনি।

 

জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে ঢাকায় বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি কলকাতার এই অতিথির। চলে গেছেন ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরে। সেখানে সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে কথা হয় তার।

 

কৌশানি জানান, ‘নিজের দেশ থেকে আরেক দেশে শুটিং করতে এলাম। কিন্তু মনে হচ্ছে না অন্য দেশে এসেছি। একই ভাষা, একই রকম মানুষ, একই রকম মানুষের আচরণ। পার্থক্য শুধু দেশের নামে। ঢাকায় এয়ারপোর্টে নামার পর বেশিক্ষণ সেখানে থাকা হয়নি। যেখানে শুটিং সেখানে চলে এসেছি। জায়গাটার নাম চাঁদপুর। এখানকার ইলিশ আমাদের কলকাতায় খুবই বিখ্যাত। আসার সময় বাবাও বলে দিয়েছে ফেরার সময় যেনো এখনকার ইলিশ নিয়ে ফিরি। তাই ফেরার সময় চাঁদপুরের ইলিশ নিয়েই কলকাতায় ফিরবো’।

 

এ সময় কৌশানি আরও বলেন, ‘বাংলাদেশে যেহেতু আসা হয়েছে, তাই কাজের ফাঁকে সময় করে এখানকার কিছু জায়গা ঘুরে দেখবো। বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে চাই। কালই এখনকার টাটকা ইলিশ মাছের স্বাদ নেবো।’

 

‘প্রিয়া রে’ ছবিটি পরিচালনা করছেন পূজন মজুমদার। আজ থেকে পুরোদমে চলবে শুটিং। এতে কৌশানির বিপরীতে আছেন শান্ত খান। ছবিতে কলকাতার রজতাভ দত্ত ও খরাজ মুখার্জিও থাকছেন। আরও আছেন বাংলাদেশের একঝাঁক অভিনেতা। চাঁদপুরে টানা ছবির কাজ চলবে বলে জানিয়েছেন পরিচালক। কৌশানি ১৫ দিনের মতো থাকবেন এখানে।

 

পরিচালক পূজন বলেন, ‌’আজ শুটিং শুরু হচ্ছে। ঢাকায় নামার পর রাতেই চাঁদপুর এসে পৌচেছেন কৌশানি। আমরা টানা শুটিং করে ছবিটি দ্রুত শেষ করতে চাই। আমার প্রথম ছবিটি এটি। তাই সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

 

এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী। শামীম আহমেদ রনির পরিচালনায় দুটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। সিনেমা দুটি মুক্তির প্রতীক্ষায় আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *