নজর২৪ ডেস্ক- পরীমনি জামিনে মুক্তি পেলেও তার গাড়ি, মোবাইল ফোন, ল্যাপটপ আলামত হিসেবে থেকে গিয়েছিল সিআইডির কাছে। এখন সেগুলো এই চিত্রনায়িকাকে ফেরত দিতে সমস্যা নেই বলে জানিয়েছে মামলার তদন্ত সংস্থাটি।
জামিনে মুক্ত পরীমনি গাড়ি, আইফোন ও প্রসাধনীর বাক্স জব্দ করায় ‘ভোগান্তিতে’ পড়েছেন জানিয়ে সেসব ফিরে পেতে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার আদালতে আবেদন করেছিলেন।
বিচারক সেদিন তার বক্তব্য শুনে এসব জিনিসের মালিকানা যাচাই করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল একটি প্রতিবেদন রোববার আদালতে পুলিশের নিবন্ধন শাখায় দাখিল করেছেন। তাতে তিনি দুটি জব্দ তালিকায় মোট ১৬টি আলামত পরীমনিকে ফেরত দেওয়ার সুপারিশ করেন।
প্রতিবেদনে তিনি বলেছেন, ‘যদি পরীমনিকে জব্দ করা আলামত ফেরত দেয়া হয়, সেক্ষেত্রে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।’
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। মালামাল ফেরতের বিষয়ে মঙ্গলবার মহানগর হাকিম (সিএমএম) আদালতে শুনানি হবে বলেও নিশ্চিত করেছেন পরীমনির এই আইনজীবী।
৪ আগস্ট বিকেলে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এসময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করার কথা জানায় বাহিনীটি। মাদকের মামলায় পরীমনিকে মোট সাত দিন রিমান্ড দেয় আদালত।
৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনিকে জামিন দেন। পরদিন তিনি কারামুক্ত হন।
