সামান্থার প্রেমে পড়েছেন শহিদ!

বিনোদন ডেস্ক- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজের মাধ‌্যমে ডিজিটাল প্ল‌্যাটফর্মে পা রেখেছেন তিনি। এতে রাজি চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই নায়িকা। ওয়েব সিরিজটি মুক্তির কয়েক মাস পর সামান্থার প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেতা শহিদ কাপুর।

 

সম্প্রতি টুইটারে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ‘কবীর সিং’ খ‌্যাত অভিনেতা শহিদ কাপুর। এ সময় এক ভক্ত ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজে সামান্থার অভিনয় সম্পর্কে জানতে চান। জবাবে শহিদ কাপুর বলেন—‘ওয়েব সিরিজটি দেখে আমি তার (সামান্থা) প্রেমে পড়েছি। তার সঙ্গে কাজ করতে পারলে খুব ভালো লাগবে।’

 

‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে অভিনয় করে বিতর্কের মুখেও পড়েছিলেন সামান্থা। এটি পরিচালনা করেছেন রাজ এবং ডিকে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, প্রিয়ামণি প্রমুখ। গত ৩ জুন ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় এটি।

 

এদিকে বিবাহবিচ্ছেদের পথেই হাঁটছেন অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। কাউন্সেলিং করেও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করা যাচ্ছে না। দুজনেই বিচ্ছেদের সিদ্ধান্তে অনড়।

 

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘চেন্নাইয়ের একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া সামান্থা চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এই অভিনেত্রী চলচ্চিত্রকে ভীষণরকম ভালোবাসেন। বিয়ের পরও এই অঙ্গন ছেড়ে দিতে চাননি তিনি। বারবার ফটোশুটে অংশ নিয়েছেন, গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেছেন, নতুন নতুন কাজের জন্য স্কিন টেস্ট দিয়েছেন।

 

কিন্তু খোলামেলাভাবে পর্দায় সামান্থার উপস্থিতি পছন্দ করছিলেন না নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। আর এরই মধ্যে ‘ফ্যামেলিম্যান-টু’ ওয়েব সিরিজের কাজ শুরু করেন সামান্থা। এই সিরিজে খুবই সাহসী চরিত্রে অভিনয় করেন তিনি। এটি আক্কিনেনি পরিবারের সদস্যদের খুব বিব্রত করেছে বলে মনে হচ্ছে। আর সামান্থা তার ক্যারিয়ার নিয়ে ভাবনার পরিবর্তন করেননি। ফলশ্রুতিতে এই দম্পতিকে নিয়ে গেছে বিবাহবিচ্ছেদের দিকে।’

 

বিচ্ছেদের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য পারিবারিক আদালতও এই তারকা দম্পতিকে সময় দিয়েছিলেন। কিন্তু এরপরও তারা সিদ্ধান্ত বদলায়নি। বিচ্ছেদের পুরো প্রক্রিয়াটি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শেষ হবে বলেও জানানো হয়েছে।

 

বিয়ের পর সামান্থা তার নামের শেষাংশে স্বামীর পদবী ‘আক্কিনেনি’ যুক্ত করেন। তার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক অ্যাকাউন্টে ‘সামান্থা রুথ প্রভু’র পরিবর্তে লিখেন ‘সামান্থা আক্কিনেনি’। কিন্তু হঠাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের নামের সঙ্গে যুক্ত করা ‘আক্কিনেনি’ অংশটুকু মুছে ফেলেন তিনি। আগের মতো ‘সামান্থা রুথ প্রভু’ নামে দেখা যাচ্ছে তার প্রোফাইলের নাম। মূলত এরপরই শুরু হয় সামান্থা-নাগার সংসার ভাঙার গুঞ্জন।

 

এদিকে, আনুষ্ঠানিক বিচ্ছেদের সময়ে সামান্থা মোট ৫০ কোটি রুপি খোরপোশ বাবদ পাবেন। যদিও এ খবর নাগা চৈতন্য এবং সামান্থা ভক্তদের জন্য কষ্টকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *