বনির সিনেমা থেকে বাদ: অবশেষে মুখ খুললেন দীঘি

বিনোদন ডেস্ক- প্রার্থনা ফারদিন দীঘি আর শিশুশিল্পী নন। রূপালি জগতে তিনি এখন চিত্রনায়িকা। ‘বাবা জানো আমাদের ময়না পাখিটা’ বুলি আওড়ানো দিঘীর মুখে এখন শোনা যাচ্ছে রোমান্টিক সব ডায়ালগ।

 

দুটি সিনেমা মুক্তি পেয়েছে ইতোমধ্যে। যদিও সেভাবে সাড়া জাগাতে পারেননি চলচ্চিত্র জগতের এই পরিচিত মুখ। তবে টিকটকে সবার নজর কেড়েছেন এ নায়িকা। সিনেমায় অভিনয়ের পাশাপাশি টিকটকে ভিডিও বানান দীঘি। এসব ভিডিওতে নানারকম গান-সংলাপের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায় তাকে। এমনকি বলিউড গান ও হিন্দি সংলাপেও টিকটক করেন তিনি।

 

আর এই টিকটকই তার সিনেমায় পথের কাঁটা হয়ে দাঁড়াল। প্রযোজক তার টিকটক করা নিয়ে আপত্তি তুলেছেন। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘মানব দানব’-এ অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দীঘি। তার বিপরীতে ভারত থেকে উড়িয়ে আনার কথা ছিল টালিউডের ‘বরবাদ’ খ্যাত বনি সেনগুপ্ত।

 

গোটা বিষয়টা প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের এক আপত্তিতে সিনেমাটি থেকে দীঘি বাদ পড়েছেন বলে খবর ছড়িয়েছে। ‘মানব দানব’ এর প্রযোজক তিনটি শর্ত দিয়েছিলেন দীঘিকে। এসব শর্তে রাজি না হওয়ায় তাকে এই সিনেমায় নেয়া হয়নি বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

 

কী এই তিন শর্ত? জানতে চাইলে সেলিম খান বলেন, ‘দীঘিকে প্রথম শর্ত দেওয়া হয় ব্যাক টু ব্যাক শাপলা মিডিয়ার পাঁচটি কাজ করতে হবে। দ্বিতীয় শর্ত, ফেসবুকে বেশি বেশি টিকটক ভিডিও বা ছবি শেয়ার করতে পারবে না। তৃতীয় শর্ত, ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতভ দত্ত এবং ভরত কল শিডিউল দিয়েছেন। যা পেছানো সম্ভব না। এই সব শর্ত না মেলায় দীঘিকে সিনেমাটিতে নেওয়া হচ্ছে না।’

 

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দীঘি। তিনি বলছেন, শিডিউল মিলছে না বলেই সিনেমা থেকে সরে দাড়াচ্ছেন।

 

দীঘি জানান, আগামী ১৪ অক্টোবর থেকে অনুদানের সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’-এর শুটিংয়ে তিনি অংশ নেবেন। এই সিনেমায় কাজের ব্যাপারটি আগে থেকেই শিডিউল দেওয়া ছিল।

 

জানা গেছে, বনির নায়িকা হিসেবে শালুক নামে এক নবাগতাকে চূড়ান্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *