Home বিনোদন কলকাতায় সিনেমার শুটিংয়ে গেলেন ‘পরীমণির আইনজীবী’ আমান

কলকাতায় সিনেমার শুটিংয়ে গেলেন ‘পরীমণির আইনজীবী’ আমান

0
129

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার চিত্রনায়ক আমান রেজা আগেও কলকাতার চলচ্চিত্রে অভিনয় করেছেন। এবার ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’ নামে নতুন একটি চলচ্চিত্রে যুক্ত হলেন তিনি। কদিন আগেই সেখানে ছবির শুটিংয়ে অংশ নিতে যান এই সুদর্শন নায়ক।

 

এবার কলকাতায় যাওয়ার আগে ঢাকায় মাদক মামলায় গ্রেপ্তার নায়িকা পরীমণির আইনজীবী দলে সরব সদস্য ছিলেন তিনি। পেশাদার আইনজীবী হিসেবে নায়িকার পাশে দাঁড়িয়েছিলেন। ফলে চলতি সফরে নায়ক আমানকে নিয়ে স্থানীয় গণমাধ্যম পরীর আইনজীবীর পরিচয়টিও গুরুত্বসহকারে তুলে ধরেছে।

 

‘গণ্ডি’খ্যাত পরিচালক ফাখরুল আরেফিন খানের ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’ ছবির শুটিং-এ কলকাতায় যান আমান।

 

কলকাতায় ৬ নম্বর ছবির শুটিং সারলেন অভিনেতা। হিন্দুস্তান টাইমসকে আমান বলেন, ‘এখানে কাজ করে বরাবরই ভালো লাগে। সুন্দর মনের মানুষজন এখানে কাজ করেন, তারা সবাই খুব পেশাদার, দুর্দান্ত অভিজ্ঞতা’।

 

ছবির গল্পে বিমানের এক যাত্রীর চরিত্রে দেখা যাবে আমানকে। তিনি জানালেন, ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবি। ছিনতাইয়ের আসল উদ্দেশ্য যখন আমরা জানতে পারি, তখন তার প্রতি ভক্তি-শ্রদ্ধা অনেক বেড়ে যায়’।

 

সহশিল্পী সব্যসাচী চক্রবর্তী সম্পর্কে আমান বলেন, খুব পজিটিভ একজন মানুষ। তার সঙ্গে দ্বিতীয় কাজ আমার, এর আগে গণ্ডী ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলাম, দুর্দান্ত অভিজ্ঞতা।

 

১৯৭১ সালের ৩ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে ফ্রান্সের প্যারিসের আর্লি বিমান বন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করে ফরাসী এক তরুণ। নাম জ্যাঁ কুয়ে।

 

প্রায় ৫০ বছর আগে পাকিস্তানের সেই বিমান ছিনতাই করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বন্ধুতে পরিণত হন তিনি। বিমানটি ছিনতাই করার একটাই উদ্দেশ্য ছিল, পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। কারণ, পূর্ব পাকিস্তানের যুদ্ধাহত মানুষদের বাঁচাতে চিকিৎসা সেবা প্রয়োজন।

 

সেই স্বাধীনতাকামী মানুষ ও সত্যি ঘটনাটা অবলম্বন করে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’। ১৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পৈলান স্টুডিওতে সেট ফেলে ছবির দৃশ্যধারণ শুরু হয়। শুটিংয়ে অংশ নেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি।

 

জ্যাঁ কুয়ে ১৯৭১ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়াও অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল, আমান রেজাসহ আরও প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here