প্রবাসীর কথাদ ডেস্ক- মালয়েশিয়ায় আরেকজনের পাসপোর্টের নাম্বার দিয়ে করোনা ভ্যাকসিন নিতে গিয়ে জালিয়াতির কারণে গ্রেফতার হন বাংলাদেশি যুবক মোঃ সাদ্দাম হোসেন। পরে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ ২৪ সেপ্টেম্বর সকালে আদালতে হাজির করা হলে বিচারকের কাছে সে তার দোষ স্বীকার করেন। তখন আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড প্রদান করেন। দুপুরে দেশটির জাতীয় দৈনিক বেরিতা হারিয়ান এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
পত্রিকাটি আরো জানায়, সাদ্দাম হোসেন আরেক বাংলাদেশি প্রবাসী মোঃ হেলাল মিয়ার পাসপোর্ট দিয়ে টিকা নিবন্ধন করার অনলাইন এ্যাপ Mysejahtera এ ভ্যাকসিন এর এ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় ইউনিভার্সিটি ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) সেন্টারে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করার সময় হাতেনাতে ধরা পড়েন।
পরে পুলিশ দেশটির আইনের ৪১৯ ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করে আদালতে হাজির করা হলে ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুরুল মুহাইমিন মোহাম্মাদ আজমান তাকে এই কারাদণ্ড দেন। এসময় অভিযুক্ত সাদ্দামের পক্ষে কোন আইনজীবী ছিলেন না। আসামি যেদিন গ্রেফতার করা হয়েছে সেদিন থেকে তার কারাদণ্ডের হিসেব ধরা হবে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় করোনো মহামারী রোধে গণহারে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যারা অভিবাসী কর্মী রয়েছেন তাদেরকে বলা হয়েছে শুধু মাত্র পাসপোর্ট থাকলেই বৈধ ও অবৈধ সকল প্রবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন গ্রহণ করার জন্য ভিসা বা পারমিটের প্রয়োজন নেই।
