আমি পর্দায় জবাব দেব: সংবাদ সম্মেলনে পরীমণি

বিনোদন ডেস্ক- দুঃসময় কাটিয়ে নব উদ্যমে প্রথমবার সংবাদ সম্মেলনে অংশ নিলেন চিত্রনায়িকা পরীমনি।

 

শুক্রবার (২৪ সেপ্টম্বর) এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরীমণি নিজের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে বলেন, সিনেমার পর্দায় জবাব দেওয়া হবে এসব বিষয়ে।

 

এই সংবাদ সম্মেলনে পরীমণি এসেছেন ‘প্রীতিলতা’ হয়ে। এতে তার ব্যক্তিগত আলাপের চেয়ে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার তথা পর্দার পরীমণি প্রসঙ্গেই বেশি আলোচনা হয়েছে।

 

পরীমনি বলেন, ‘প্রীতিলতা’ টিম আমার প্রতি যে বিশ্বাস রেখেছে, তাদের সেই বিশ্বাস যেন আমি রাখতে পারি। চরিত্রটির জন্য দুই বছর মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের এই জার্নির সঙ্গে আপনারা সবাই পাশে থাকবেন বলে আমার বিশ্বাস।

 

এ সিনেমার নির্মাতা রাশিদ পলাশ। পরীমনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘‘প্রীতিলতা’ আমার স্বপ্নের চলচ্চিত্র। অনেক দিন ধরেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছিলাম৷ অবশেষে আমাদের জার্নি শুরু হয়েছে। এই সিনেমায় যুক্ত হওয়ার জন্য পরীমনির প্রতি আমাদের টিম কৃতজ্ঞ।’’

 

এরমধ্যে ছবিটির ৩৫ ভাগ শুটিং শেষ হলো। বাকি অংশের কাজ শুরু হবে অক্টোবরে। সেসব পরিকল্পনা জানানোর জন্যই এই সংবাদ সম্মেলন বলে জানান সংশ্লিষ্টরা।

 

এসময় আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী শম্পা রেজাসহ ‘প্রীতিলতা’ টিম। সিনেমাটিতে পরীমনি ছাড়াও আরো অভিনয় করছেন—তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।

 

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। এরপর প্রথম ধাপে ঢাকায় বিভিন্ন লোকেশনে এক সপ্তাহ শুটিং হয়েছে সিনেমাটির।

 

চলতি বছরের ২০ জুলাই প্রকাশ পায় সিনেমাটির ফার্স্ট লুক। ১৯৩২ সালে প্রীতিলতার যে ছবি ওয়ান্টেড হিসেবে প্রকাশ করেছিল ব্রিটিশ পুলিশ, সেই ছবির আদলেই প্রীতিলতার ফার্স্ট লুকে ধরা দেন পরীমনি।

 

সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এই চলচ্চিত্রের জন্য ‘একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী’ গানটি নতুন করে গাইবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *