বিনোদন ডেস্ক- জেল থেকে জামিনে বের হওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
শুক্রবার বিকেলে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে পরীমণি নিজের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে বলেন, সিনেমার পর্দায় জবাব দেওয়া হবে এসব বিষয়ে।
এই সংবাদ সম্মেলনে পরীমণি এসেছেন ‘প্রীতিলতা’ হয়ে। এতে তার ব্যক্তিগত আলাপের চেয়ে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার তথা পর্দার পরীমণি প্রসঙ্গেই বেশি আলোচনা হয়েছে।
পরীমণি বলেন, দুইবছর ধরে ছবিটি নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি। প্রীতিলতা চরিত্রটি একটি ঐতিহাসিক চরিত্র। এই চরিত্র ধারণ করা দুইদিনের ব্যাপার না। দীর্ঘ দুই বছর ধরে টিমের সঙ্গে কাজ করে চরিত্রটি ধারণ করেছি।
মূলত প্রীতিলতা চলচ্চিত্রের মিট দ্য প্রেস ছিল এটি। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পরীমণি। তিনি বলেন, ‘প্রীতিলতা’ টিম আমার প্রতি যে বিশ্বাস রেখেছে, তাদের সেই বিশ্বাস যেন আমি রাখতে পারি। চরিত্রটির জন্য দুই বছর মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের এই জার্নির সঙ্গে আপনারা সবাই পাশে থাকবেন বলে আমার বিশ্বাস।
এ সিনেমার নির্মাতা রাশিদ পলাশ। পরীমনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘‘প্রীতিলতা’ আমার স্বপ্নের চলচ্চিত্র। অনেক দিন ধরেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছিলাম৷ অবশেষে আমাদের জার্নি শুরু হয়েছে। এই সিনেমায় যুক্ত হওয়ার জন্য পরীমনির প্রতি আমাদের টিম কৃতজ্ঞ। অক্টোবরের শেষের দিকের সিনেমার বাকি অংশের শুটিং শুরু করব।’’
এসময় আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী শম্পা রেজাসহ ‘প্রীতিলতা’ টিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে পরীমনি ছাড়াও আরো অভিনয় করছেন—তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।
