নজর২৪, ঢাকা- অর্থ আত্মসাতের অভিযোগে আটক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেলকে গারদখানা থেকে আদালতকক্ষে নেয়া হচ্ছিল। এ সময় টাকা ফেরত দিতে চান কিনা, একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইভ্যালির রাসেল জবাব দেন, তিনি টাকা ফেরত দিতে চান।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রিমান্ড শেষে আদালতে নেয়ার সময় সাংবাদিকের এমন প্রশ্নে হ্যাঁ সূচক মাথা নেড়ে এমন জবাব দেন রাসেল। এরপর আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করেন আদালত।
নতুন মামলায় রিমান্ডের আবেদন বাতিল করে তিন কার্যদিবস তথা আগামী মঙ্গলবারের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
তবে রাসেলের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ মন্তব্য করেছেন, মামলা দিয়ে সমস্যা সমাধান হয় না। জামিনে বের হয়ে আসলেই সমস্যার সমাধান হবে।
অন্যদিকে রাসেলের মুক্তির দাবিতে বিচারিক আদালতের সামনে বিক্ষোভ করছেন গ্রাহকরা। শেষে রাসেলকে আদালতে আনার খবরে সেখানে জড়ো হয়েছে বিপুল গ্রাহক। তারা টাকা ফেরত পেতে রাসেলের মুক্তি দাবি করেন।
বিক্ষোভরত জনতা বলেন, রাসেল জেলে থাকলে তারা পাওনা আদায় করতে পারবেন না। তাই টাকা ফেরত দেয়ার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি তাদের।
এর আগে ২১ সেপ্টেম্বর ধানমন্ডি থানার প্রতারণার মামলায় মোহাম্মদ রাসেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে শামীমা নাসরিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
সেদিন গুলশান থানার প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ড শেষে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর ধানমন্ডি থানার প্রতারণার মামলায় তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়। এরপর গুলশান থানায় প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল ইসলাম।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনিরুজ্জামান লিটন তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেফতার করা হয়। এরপর তাদের র্যাব সদর দপ্তরে নেওয়া হয়। সেখানেই চলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক প্রতিষ্ঠানটির এমডি ও সিইও রাসেল এবং তার স্ত্রী (প্রতিষ্ঠানের চেয়ারম্যান) শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন।
