বিনোদন ডেস্ক- একজন নামী পরিচালক, অন্যজন জনপ্রিয় অভিনেত্রী। তারা হলেন শোবিজের জনপ্রিয় জুটি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে৷
এদিকে গুঞ্জন ছড়িয়েছে এই দুই তারকা বাবা-মা হচ্ছেন বলে ৷ গেল কয়েক মাস ধরেই এই আলোচনা উড়ে বেড়াচ্ছে শোবিজের হাওয়ায়৷ অবশেষে এ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী তিশা৷
তবে প্রসঙ্গটি তুলে ধরতেই হেসে উড়িয়ে দিলেন অভিনেত্রী তিশা। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি আমার প্রতিটি কাজ এবং নতুন কোনো সংবাদ থাকলে আমার পেজে শেয়ার করি। ঠিক আছে, আমি অনেক দিন যাবত কাজ করছি না। তার মানে এই না যে আমি প্রেগন্যান্ট।
যারা কানাঘুষাটা করছেন তাদের বলছি, একজন অভিনেত্রী কাজ না করলেই যে তাকে প্রেগন্যান্ট বানিয়ে দেয়ার বিষয়টি খুবই আপত্তিজনক।’
কোনো সুসংবাদ থাকলে তা সময়মতো নিজেই জানাবেন বলেও জানান তিনি। আপাতত এমন ভুল তথ্যের সংবাদ প্রচার না করার অনুরোধ জানান ৪২০ খ্যাত এই অভিনেত্রী।
কাজে হঠাৎ কেন এই দীর্ঘ বিরতি? তিশা জানান, করোনার কারণে তিনি নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। করোনাভাইরাসের আতঙ্ক কেটে গেলে আবারও নিয়মিত ফিরবেন কাজ করবেন।
