বিনোদন ডেস্ক- প্রথমবারের মতো অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। খোরশেদ আলম খসরু প্রযোজিত ‘গলুই’ নামে এ সিনেমায় দেখা যাবে কিং খানকে।
এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো নায়িকা হয়ে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরী। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলে শাকিবের সঙ্গে দেখা হবে পূজার। এজন্য পার্লারে গিয়ে সাজগোজ করছেন এই নায়িকা।
পূজা চেরী বলেন, ‘শাকিব খানের বিপরীতে প্রথমবার নায়িকা হয়েছি। এটা আমার জন্যে অনেক আনন্দের, ভালো লাগার। এই সিনেমার চরিত্রের প্রয়োজনে ৮ কেজি ওজন বাড়িয়েছি। আজ চুল ঠিক করতে পার্লারে এসেছি। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। বাকিটা দর্শকরা বলবেন সিনেমা মুক্তির পর।’
এই সিনেমায় বড় লোকের মেয়ের চরিত্রে অভিনয় করবেন পূজা।
‘গলুই’ নির্মাণ করছেন এস এ হক অলিক। যিনি এর আগে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘হৃদয়ের কথা’র মতো তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এটি ২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এতে শাকিব-পূজা ছাড়া আরও অভিনয় করছেন সুচরিতা, আলীরাজ, আজিজুল হাকিম প্রমুখ।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে পূজা চেরি সিনেমায় নাম লেখান। এরপর ২০১৮ সালে ‘নূরজাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। জনপ্রিয়তা পান একই বছরের ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করে।
