ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি একটু একটু করে নিজেকে গুছিয়ে নিচ্ছেন। র্যাবের অভিযান, মাদক মামলা ও কারাভোগের পর মানসিকভাবে ভেঙে পড়া পরীমনি যেন ছন্দে ফিরছেন।
মাদক মামলায় জামিনে থাকা পরীমনি সম্প্রতি আদালতে হাজিরা দিতে গিয়ে জানিয়েছিলেন, ৪ আগস্ট তার বাসায় র্যাবের অভিযানের কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলো তিনি পোস্ট করেছেন ‘মাই সুইট হোম’ নামের অ্যালবামে।
ছবিতে ঘরের যে যে অংশ দেখা যাচ্ছে, সেগুলো সুন্দর করে গোছানো। পরীমনিকেও বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে।
চারটি ছবি পোস্ট করে পরীমনি সেই ক্যাপশনে লিখেছেন, ‘যে জীবন যাপন করছ তাকে ভালোবাসো। যে জীবন ভালোবাসো সেই জীবন কাটাও।’
ইংরেজিতে লেখা, ‘love the life you live. live the life you love’। এই লাইনটি মূলত খ্যাতিমান জ্যামাইকান সংগীতশিল্পী বব মার্লের। পরীমনি অবশ্য ববের নাম উল্লেখ করেননি। এ বিষয়ে পরীমনির মন্তব্যও পাওয়া যায়নি।
পরীমনি শিগগিরই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ‘গুনিন’ সিনেমার মাধ্যমে লাইট-ক্যামেরার সামনে ফিরবেন তিনি। গত সপ্তাহে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। ‘রাবেয়া’ চরিত্রে দেখা যাবে পরীমনিকে।
জানা গেছে, দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হবে সিনেমাটির। এতে পরীমনির বিপরীতে অভিনয় করবেন শরীফুল রাজ। ৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্পে নির্মিত হবে ‘গুনিন’।
এদিকে পরীমনি শেষ করেছেন ইফতেখার শুভর পরিচালনায় ‘মুখোশ’ সিনেমার ডাবিং। মূলত এ সিনেমার মাধ্যমেই কাজে ফিরেছিলেন তিনি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ডাবিং শেষ করেছেন পরীমনি। ডাবিংয়ে পরীমনি কেমন ছিলেন? উত্তরে পরিচালক শুভ বলেন, ‘খুব স্বাভাবিক ছিল। আগের মতোই প্রাণবন্ত, প্রাণচঞ্চল ছিল। সবার সঙ্গে চিরচেনা রূপেই ছিলেন।’
পরীমনি বিশ্বাস করেন, কাজই জীবন-জীবনই কাজ। তাই সব বাধা পেছনে ফেলে কাজে ফিরেছেন তিনি। মানসিক শক্তির বলেই কাজে ফিরতে পেরেছেন এ নায়িকা।
রাশিদ পলাশের পরিচালনায় ‘প্রীতিলতা’ সিনেমার বাকি অংশের চিত্রায়ণেও অংশ নেবেন পরীমনি। নির্মাতা জানান, সামনে পরীমনির জন্মদিন। জন্মদিনের পরই তাকে নিয়ে শুটিং সেটে চলে যাবে ইউনিট।
