নজর২৪, ঢাকা- চিকিৎসা শেষে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে ফের থানায় নেয়া হয়েছে।
গ্রাহকের অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় গ্রেপ্তার রাসেলের মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক ওহিদুল ইসলাম শুক্রবার রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন।
মিডফোর্ড হাসপাতালের চিকিৎসকের বরাতে তিনি বলেন, ‘নিয়মতান্ত্রিক চলাফেরার বাইরে থাকায় তার পেটে গ্যাস ও বমির সমস্যা হয়। চিকিৎসা নেয়ার পর তিনি সুস্থবোধ করায় এখন হাসপাতাল থেকে থানায় নিয়ে যাচ্ছি।’
এর আগে, হঠাৎ অসুস্থবোধ করায় ইভ্যালির সিইও মো. রাসেলকে হাসপাতালে নেয়া হয়। তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে মিডফোর্ড হাসপাতালে নেয়া হয়।
ঢাকা মেডিক্যাল সূত্রে জানা গেছে, রাত ১০টা ২৮ মিনিটে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করে।
রাত ১১টা ৫ মিনিটে তাকে মিডফোর্ড হাসপাতালের উদ্দেশে ঢামেক থেকে নিয়ে যাওয়া হয়।





