স্পোর্টস আপডেট ডেস্ক- পুরোটা না হলেও গুঞ্জনের কিছুটা সত্যি হলো! দিনকয়েক ধরে বাতাসে ভাসছিল, ভারতের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন বিরাট কোহলি। এবার কোহলি নিজেই জানিয়ে দিলেন তার সিদ্ধান্ত। ভারতকে আর টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন না তিনি। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ছেড়ে দেবেন কুড়ি ওভারের ফরম্যাটেরঅধিনায়কত্ব।
আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোহলি। কুড়ি ওভারের দায়িত্ব ছাড়লেও ওয়ানডে ও টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে যাবেন এই ব্যাটসম্যান।
নিজের সিদ্ধান্ত ইতিমধ্যে কোহলি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী, সেক্রেটারি জয় শাহ ও নির্বাচকদের। ঘনিষ্ঠজন, যাদের মধ্যে রয়েছেন কোচ রবি শাস্ত্রী ও সহ-অধিনায়ক রোহিত শর্মা, তাদের সঙ্গে বিস্তর আলোচনার মাধ্যমে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার জায়গায় ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রোহিত। শিগগিরই হয়তো বিসিসিআই আনুষ্ঠানিক ঘোষণা করতে যাচ্ছে নতুন অধিনায়ক হিসেবে রোহিতের নাম।
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় কোহলি লিখেছেন, ‘এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য অবশ্যই অনেক সময় লেগেছে। আমার ঘনিষ্ঠ লোকদের সাথে অনেক চিন্তাভাবনা এবং আলোচনা, রবি ভাই এবং রোহিত; যারা নেতৃত্ব দলের একটি অপরিহার্য অংশ; এদের সাথে কথা বলার পর সিদ্ধান্ত নিয়েছি, অক্টোবরে দুবাইতে অনুষ্ঠেয় বিশ্বকাপের পর টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে আমি সরে দাঁড়াব।’
‘আমি বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং সভাপতি সৌরভ গাঙ্গুলীসহ সমস্ত নির্বাচকদের সঙ্গে কথা বলেছি। আমি আমার সেরা সামর্থ্য দিয়ে ভারতীয় ক্রিকেট দল এবং ভারত দলকে সেবা দিয়ে যাব।’
কোহলি তার দীর্ঘ ঘোষণায় আরও লিখেছেন, ‘আমি সৌভাগ্যবান যে আমি শুধু ভারত নয়, আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভারতীয় ক্রিকেট দলকেও নেতৃত্ব দিতে পেরেছি। ভারতের অধিনায়ক হিসেবে আমার এ যাত্রায় যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সতীর্থ, সাপোর্ট স্টাফ, নির্বাচক কমিটি, আমার কোচ এবং প্রত্যেক ভারতীয় যারা আমাদের জয়ের জন্য প্রার্থনা করেছেন; তাদের ছাড়া আমি এটা করতে পারতাম না।’
কাজের চাপ কমাতেই মূলত কোহলির এই সিদ্ধান্ত। তিনি বলেছেন, ‘কাজের চাপ বোঝার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। গত ৮-৯ বছর ধরে ক্রিকেটার হিসেবে এবং ৫-৬ বছর ধরে অধিনায়ক হিসেবে আমাকে যে অসহনীয় চাপ নিতে হয়েছে, তাতে ভারতের টেস্ট এবং ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার আগে আমার কিছুটা সময় দরকার। টি-টোয়েন্টি অধিনায়ক থাকাকালীন আমি দলের জন্য সব করেছি, এখন ব্যাটসম্যান হিসেবেও নিজের সেরাটা দেব।’
২০১৭ সালে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পান কোহলি। এই ফরম্যাটে মহেন্দ্র সিং ধোনির পর সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বে ৪৫ ম্যাচের মধ্যে ২৭টি ম্যাচে জিতেছে ভারত। অধিনায়ক কোহলির জয়ের গড় ধোনির চেয়েও বেশি। ধোনির নেতৃত্ব দেওয়া ৭২ ম্যাচের ৪১টিতে জিতেছে ভারত, জয়ের গড় ৫৯.২৮। কোহলির জয়ের গড় ৬৫.১১।





