কথা রাখলেন কণ্ঠশিল্পী ন্যানসি, তারকাদের শুভেচ্ছায় সিক্ত নবদম্পতি

বিনোদন ডেস্ক- কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বিচ্ছেদের পরই নতুন জীবন সূচনার কথা ঘোষণা করেছিলেন। সে সময় বলেছিলেন, আগে বিয়ে করলেও সেগুলোতে বউ সাঁজা হয়নি তার। হয়নি তেমন কোনো আয়োজনও। তাই এবারের বিয়েতে বউ সাজবেন তিনি। ধুমধাম করে করবেন বিয়ে। এরপর গেলো আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই গায়িকা।

 

পারিবারিকভাবে তাদের আকদ সম্পন্ন হয় সেই সময়। কিন্তু অভিনেত্রী জানিয়েছিলেন, এবার আর লুকোচুরি নয় জাঁকজমকভাবে বিয়ে করবেন তিনি। যেমন কথা, তেমন কাজ। মঙ্গলবার জাঁকজমকভাবে সম্পূর্ণ হয়েছে গায়িকার গায়ে হলুদ। বুধবার সবাইকে নিয়ে উৎসবমুখর এক আয়োজন করলেন ন্যানসি-মেহেদী দম্পতি। সেখানে হাজির হয়ে তাদেরকে শুভেচ্ছায় সিক্ত করলেন তারকারা।

 

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ন্যানসি ও মেহেদীর বিবাহোত্তর সংবর্ধনা। এতে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন তাদের ঘনিষ্ঠজন, শোবিজের তারকা ও সংবাদকর্মীরা।

 

ন্যানসি-মেহেদীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে এদিন হাজির হন সংগীত তারকা হাবিব ওয়াহিদ, কনা, আঁখি আলমগীর, বাপ্পা মজুমদার, তানিয়া হোসেন, অভিনেতা সুমন পাটোয়ারি, গায়িকা দিনাত জাহান মুন্নী, ফেরদৌস ওয়াহিদ, গীতিকবি কবির বকুল, সংগীত পরিচালক শওকত আলী ইমনসহ অনেকেই।

 

ন্যানসির স্বপ্ন ছিল তিনি জমকালো সাজে বিয়ে করবেন। সেই স্বপ্নটা পূরণও হয়েছে। বিবাহোত্তর সংবর্ধনায় তাকে দেখা গেছে নজরকাড়া সাজে। তার পরনে ছিল জমকালো শাড়ি, আর তার স্বামী মেহেদীর পরনে ছিল শেরওয়ানি।

 

এর আগে ঘরোয়া আয়োজনে গায়ে হলুদ অনুষ্ঠান করেছেন তারা। সেখানেও ন্যানসি নিজেকে জাঁকজমকপূর্ণ সাজে সজ্জিত করেছিলেন। সেসব ছবি অন্তর্জালেও ছড়িয়ে পড়েছে।

 

উল্লেখ্য, গানের সুবাদে মহসীন মেহেদীর সঙ্গে ন্যান্সির পরিচয়। গত বছর মহসীনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়। এরপর থেকেই দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে। মহসীন মেহেদী অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার এবং একজন গীতিকবি।

 

এটি ন্যান্সির তৃতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে ভালোবেসে তিনি বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে বিচ্ছেদ হয় তাদের। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী। জায়েদ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা এবং ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *