সবার ঘরে বঙ্গবন্ধুর ছবি থাকা উচিত : তথ্য প্রতিমন্ত্রী

নজর২৪, ঢাকা- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি সবার ঘরে ঘরে থাকা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশের নাগরিকরা তার ছবি রাখেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবিও সবার ঘরে থাকা উচিত।’

 

যারা বাংলাদেশের বসবাস করে, যারা বাঙ্গালি তাদের প্রত্যেকের ঘরে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি থাকা উচিত বলে জানান ডা. মুরাদ হাসান। তিনি আরও বলেন, ‘এমপি হিসেবেও নয় একজন নাগরিক হিসেবে, বাঙালি হিসেবে আমার আহ্বান, সবার ঘরে জাতির পিতার ছবি থাকা উচিত।’

 

প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন দিয়ে কিংবা জাতীয় সংসদে আইন করে এমন কোনো ঘোষণা আসেনি। তবুও আমি ব্যক্তিগতভাবে চাই দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুর ছবি সবার ঘরে থাকুক।’

 

প্রতিমন্ত্রী বলেন, আমি বঙ্গবন্ধুকে স্বপ্ন দেখি, আমি বঙ্গবন্ধুকে লালন করি, ধারণ করি, বহন করি। আমার রক্তে বঙ্গবন্ধু আদর্শ, আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, আমার পিতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক, আমার পিতা বঙ্গবন্ধু জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, আমি তো বঙ্গবন্ধুকেই স্বপ্ন দেখি আমি তো বঙ্গবন্ধুর আদর্শের ঘরে জন্মগ্রহণ করেছি।

 

মুরাদ হাসান বলেন, ‘বাংলাদেশ সবার ঘরে ঘরে থাকুক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, এই আমার প্রার্থনা, এই আমার অনুরোধ, এই আমার আহ্বান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *