বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে: তথ্যমন্ত্রী

নজর২৪, ঢাকা- ‌‌‌‘বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে ঝামেলা লাগিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কি-না, সেই অপচেষ্টা। দলটির জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং এ কারণেই তারা সবসময় পেছনের দরজা খোঁজেন।’

 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রচার সেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ২০১৪ সালেও নির্বাচন বানচাল করতে চেয়েছিল। পাঁচশ’ ভোটকেন্দ্র পুড়িয়ে, নির্বাচন কর্মকর্তাসহ মানুষ পুড়িয়েও পারেনি, ভোট হয়েছে। ২০১৮ সালেও প্রথমে বয়কট ও পরে অংশ নেয় তারা। সাড়ে ১২ বছর ধরে তাদের তর্জন-গর্জন শুনে আসছি। খালি কলসি বাজে বেশি।

 

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা থেকে ১১ জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব খতিয়ে দেখার উদ্যোগ সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, পত্রিকায় এটি দেখেছি। সরকার এটি দেখতেই পারে। কিন্তু কী কারণে এটি করা হলো, সে বিষয়ে আমি খোঁজ নেবো।

 

দীর্ঘদিন অপ্রকাশিত ১০ টি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল আদেশ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, প্রায় চারশ পত্রিকা চরম অনিয়মিত রয়েছে। যারা প্রায় দু’বছর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে পত্রিকা জমা দেয়নি। এগুলো ভুতুড়ে পত্রিকা। যেদিন বিজ্ঞাপন পায়, সেদিন কয়েক কপি ছাপে। অনেকে অল্প কয়েক কপি ছেপে শুধু তথ্য মন্ত্রণালয় আর কিছু গুরুত্বপূর্ণ দফতরে দেয়। ভুতুড়ে পত্রিকার কী প্রয়োজন সেটিই প্রশ্ন? এগুলো বন্ধের দাবি সাংবাদিকদেরই।

 

এর আগে ব্রিটিশ শাসন থেকে মুক্তির অকুতোভয় প্রাণ মাস্টারদা সূর্যসেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ১৯৩০ এবং তারুণ্যের প্রেরণা’ বিষয়ে ওয়েবিনারে বক্তব্য রাখেন ড. হাছান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *