বিনোদন ডেস্ক- সোমবার মধ্যরাতে বিয়ের খবর দিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব পেশায় ব্যবসায়ী ও রাজনীতিক। মাহি এখন তাঁর জীবনসঙ্গী রাকিবের গাজীপুরের বাসায়।
এদিকে মাহির বিয়ের খবরের পর এই নায়িকার সাবেক স্বামী মাহমুদ পারভেজ অপু জানান, বিয়ের খবর শুনেছি আগেই। আজ ফেসবুকে দেখতে পেলাম। আমার অভিনন্দনটা জানিয়ে দিবেন। মাহি নতুন সংসার শুরু করেছে জেনে খুবই ভালো লাগছে। তার নতুন জীবনের জন্য শুভকামনা।
তিনি বলেন, আমার চাওয়া, তারা সবসময় ভালো থাকুক। আমার পরিবারের মান সম্মান অনেক বড়। এ ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই। তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভকামনা। আমি খুব সাধারণ মানুষ। সাধারণভাবেই জীবন-যাপন করতে চাই।
মাহির দ্বিতীয় বিয়য়ের খবরটি আরও আগেই মিডিয়ায় চাউর হয়। এই বিষয় অপু বলেন, ‘আমি রাকিবকে আগে থেকেই চিনি। মাহি আমার সাথে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা বিভিন্ন সময় একসাথে ঘুরেছি। আমি মনে করি সে আমার থেকে অনেক ভালো ছেলেকে বিয়ে করেছে। বিয়ের বিষয়টিও আগেই শুনেছি। রাকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। বর্তমানে মাহি সন্তানদের নিয়ে একসাথেই থাকছেন। আমি সবসময় তাদের জন্য দোয়া করি।’
পরবর্তীতে মিডিয়ার কোনো নারীকে বিয়ে করতে চান না বলেও জানালেন অপু। তার ভাষ্য, ‘এরপর বাবা-মায়ের পছন্দেই বিয়ে করব। তাদের পছন্দে সুখ-শান্তি বেশি।’
উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠে। সর্বশেষ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি।
