বিনোদন ডেস্ক- বলিউড সিনেমায় অভিনয় করার সম্ভাবনা তৈরি হয়েছে দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। না, বিষয়টি তিনি নিশ্চিত করেননি কিন্তু আবার উড়িয়েও দেননি। বলিউডের চলচ্চিত্র পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমায় দেখা যেতে পারে তাকে। এ ব্যাপারে মুখ খুলছেন না অভিনেত্রী।
অভিনেত্রী বাঁধনের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়- বাঁধন, আপনি বলিউডের কোনো সিনেমার প্রস্তাব পেয়েছেন কিনা, যেটা বিশাল ভরদ্বাজ পরিচালনা করবেন। আপনি কি সেই প্রজেক্টে অডিশন দিয়েছেন?
উত্তরে বাঁধন বলেন, ‘আমি এটা নিয়ে কথা বলতে পারছি না।’
এদিকে বিষয়টি নিয়ে বিশাল ভরদ্বাজকে শনিবার রাতে এসএমএস করা হয়েছে। তিনিও কোনো উত্তর দেননি এখন পর্যন্ত।
এর আগে জানা গেছে, বিশাল ভরদ্বাজ নেটফ্লিক্সের জন্য একটি সিনেমা করতে চাইছেন। যেখানে গল্পের জন্যই বাংলাদেশের একজন অভিনেত্রী প্রয়োজন। সিনেমাটির নাম খুফিয়া।
এর আগে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী মিম ও মেহজাবিন। এই ছবির গল্পে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে তারা রাজি হননি। বিশাল ভরদ্বাজের নামের সঙ্গে জড়িয়ে আছে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো বিখ্যাত সব চলচ্চিত্র।
