গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহি, ছবি ফাঁস!

বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বিতীয় বিয়ে করেছেন, এমন গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। গাজীপুরের রাকিব সরকার নামের একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদের সঙ্গেই নাকি ঘর বেঁধেছেন তিনি। সেখানকার কিছু সূত্রে গণমাধ্যমে খবরটি উঠে আসে। যদিও রাকিবের সঙ্গে সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলেই দাবি করেছেন মাহি।

 

এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল মাহি ও রাকিব সরকারের একটি ছবি। যেখানে মাহিকে দেখা যাচ্ছে শাড়ি পরা অবস্থায় এবং রাকিব আছেন পাঞ্জাবীতে। নেটিজেনদের মতে, এটা তাদের বিয়ের সময়ে তোলা ছবি। ঘরোয়া আয়োজনে তারা বিয়ে করেছিলেন। সে কারণে তেমন সাজসজ্জা নেই।

 

মাহি কিংবা রাকিব নিশ্চিত না করলেও অন্য একটি ফেসবুক পোস্টের সঙ্গে এই ছবির সমীকরণ মেলালে বিয়ের গুঞ্জনটা পোক্ত হয়। গত ১১ জুন ফেসবুকে মাহি একটি শাড়ি পরে ছবি দিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি তোমাকে গান, সিনেমা, সবখানে অনুভব করি। আলহামদুলিল্লাহ্‌’।

 

মজার ব্যাপার হলো, তিন মাসের আগের ওই ছবিতে মাহির পরনে যে শাড়ি ছিল, সম্প্রতি ফাঁস হওয়া ছবিতেও ঠিক একই শাড়ি। তাই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন। অধিকাংশই ধারণা করছেন, দুটি ছবিই বিয়ের সময়ের। তবে গোপন রেখেছেন নায়িকা।

 

এদিকে এরই মধ্যে মাহিয়া মাহি আলোচনার জন্ম দেন ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে, যে স্ট্যাটাসে মাহি লিখেছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি। কী সেই সারপ্রাইজ, এখন তা নিয়ে চলছে আলোচনা।

 

অনেকে বলছেন, বিয়ের ঘোষণা দেবেন এ নায়িকা। তবে এ বিষয়ে মাহির সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। খোলাসা করেননি কিছু্ই। এরই মধ্যে গাজীপুরের ওই ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের কথা শোনা যাচ্ছে। রবিবার সকালে মাহির মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

 

গত জুন মাসে গাজীপুরের স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং রাকিব সরকারের কাছের একাধিক সূত্র গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছিল, গাজীপুরেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মাহিকে গাড়ি উপহার দেয়া এবং দুজন মিলে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাওয়ারও কথা শোনা গিয়েছিল সে সময়।

 

মাহির বিয়ের গুঞ্জন শুরু ১১ জুন রাত থেকে। সেই রাতে তিনি মেহেদি রাঙা হাতে, কাতান শাড়ি আর নাকফুল পরে একটি ছবি পোস্ট করেন ফেসবুকে। সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।

 

মাহি ২৩ মে জানান, তিনি তার স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে থাকছেন না। পরদিন অপুও জানান, তারা আর একসঙ্গে নেই। তবে সে বিচ্ছেদ আইনসিদ্ধ ছিল না।

 

১৯ জুন আইনি সেই আনুষ্ঠানিকতার বিষয়টি জানান মাহমুদ পারভেজ অপু। বলেছিলেন, ‘আমি আইনি আনুষ্ঠানিকতা শুরু করেছি। কয়েক দিন আগেই কাগজপত্র জমা দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *