বিনোদন ডেস্ক- আলোচিত চিত্রনায়িকা পরীমণির লড়াকু গল্প এখন সবাই জানেন। যেন ট্র্যাজেডি গল্পের বাস্তব চরিত্র পরী। যা হার মানিয়ে দেয় সিনেমাকেও। বাবা-মায়ের অকাল মৃত্যু দেখেছেন।
ব্যক্তিগত জীবনেও মুখোমুখি হয়েছেন বহু কঠিন পরিস্থিতির। এতসব ঝড়-ঝামেলার মধ্যে যার আশ্রয় ও স্নেহে বেঁচে আছেন পরী, তিনি তার নানা শামসুল হক গাজী।
বলা যায়, পরীমণির আপনজন বলতে কেবল নানাই রয়েছেন। তাই নানাকে ঘিরে তার আবেগ-ভালোবাসার কমতি নেই। গ্রাম থেকে তাকে ঢাকায় নিয়ে এসে নিজের কাছেই রাখেন পরী। তবে মাস খানেক আগে পরীমণি যখন গ্রেপ্তার হন, তখন দু’জনেই একা হয়ে পড়েন।
পরীকে আদালতে তোলা হলে সেখানে ছুটে যান নানা শামসুল হক গাজী। তবে প্রথম শুনানিতে দেখা করতে পারেননি। অসহায়ের মতো ফিরে যেতে হয় দুঃখভরা মন নিয়ে।
এরপরের শুনানিতে নাতনি পরীর সঙ্গে দেখা হয় নানা শামসুল হকের। সামান্য কথাও হয়।
এদিকে ৫ সেপ্টেম্বর, রবিবার নিজের ফেসবুক পেজে একটি চিঠির ছবি শেয়ার করেছেন। যেটা লিখেছেন তার নানা। এতে লেখা রয়েছে, ‘নানু, আমি ভালো আছি। কোনো চিন্তা করবা না। তোমার সাথে শীঘ্রই দেখা দেব। ’ নিচে লেখা শামসুল হক গাজীর নাম।
ছবিটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘একটা চিঠি। আমার সব শক্তির গল্প এখানেই।
’ধারণা করা হচ্ছে, পরীমণি যখন কারাবন্দি ছিলেন, তখনই এই চিঠি লিখেছেন তার নানা। বিষয়টি নিয়ে জানার জন্য তাকে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।
