Home দেশের খবর ঘাঘট নদীর ভাঙনে কয়েকটি পরিবারের ঘরবাড়ি বিলীন

ঘাঘট নদীর ভাঙনে কয়েকটি পরিবারের ঘরবাড়ি বিলীন

0
137

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়ায় এবার শুরু হয়েছে ঘাঘট নদের ভাঙন। ছয় পরিবারের ঘরবাড়ি বিলীন হওয়ার পর ভাঙছে স্থানীয় কবরস্থান। ভাঙনের হুমকিতে রয়েছে রাস্তাসহ আরো বেশ কয়েকটি বাড়ি ও আমনক্ষেত। কয়েক দিনের টানা বর্ষণে ঘাঘট নদের পানি বৃদ্ধি পেয়ে এ ভাঙন দেখা দিয়েছে।

 

স্থানীয়রা জানান, উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়াপাড়ায় গত দুদিনের ভাঙনে ছয় পরিবারের বাড়ি ঘাঘটে বিলীন হয়েছে। এ ছাড়া ওই ইউনিয়নের নগরবন এলাকায় ঘাঘটে কবরস্থান ভেঙে যাচ্ছে।ভাঙনে ক্ষতিগ্রস্ত মতিয়ার রহমান, রাজা মিয়া, রাজু মিয়া, লিজু মিয়া, লেবু মিয়া ও মিজানুর রহমান জানান, করোনার পাশাপাশি ঘাঘটের ভাঙনে তারা দিশাহারা হয়ে পড়েছেন। অর্থের অভাবে নতুন করে বাড়ি নির্মাণ করতে না পেরে ঘর ও আসবাবপত্র মাটিতেই ফেলে রেখেছেন। কোনো রকমে থাকছেন আত্মীয়ের বাড়িতে।

 

আব্দুর রশিদ ও রবিউল ইসলাম বলেন, আরো বেশ কিছু বাড়ি, রাস্তা এবং আবাদি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। নগরবন এলাকার কবরস্থানও ভেঙে যাচ্ছে ঘাঘটে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম জানান, ভাঙন এলাকা পরিদর্শন করে রংপুর পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে। তারা দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেবে। ভাঙনকবলিত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের আবেদন সাপেক্ষে আর্থিক সহায়তা ও ঘর তৈরির জন্য টিনের ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here