নজর২৪ ডেস্ক- সম্প্রতি আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাগ্রহণের পর দেশটিতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে দেশের ভবিষ্যৎ নিয়েও তিনি চিন্তিত বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী।
রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে দিলারা চৌধুরী এ কথা জানান।
তিনি শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা একেবারেই ব্যক্তিগত পর্যায়ের সৌজন্যমূলক সাক্ষাৎ। তার (খালেদা জিয়া) পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটি সুন্দর সম্পর্ক আছে। দীর্ঘদিন তিনি অসুস্থ, তাই দেখতে গিয়েছিলাম।’
শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় যান দিলারা চৌধুরী। এসময় তিনি প্রায় ঘণ্টাখানেক সময় তার সঙ্গে ছিলেন। দুজনের মধ্যে ব্যক্তিগত সৌজন্যমূলক আলোচনা হয়। আলাপের এক ফাঁকে আফগানিস্তান ও বাংলাদেশ নিয়েও কথা বলেন খালেদা জিয়া।
দিলার চৌধুরী বলেন, ‘‘উনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এসময় বাংলাদেশ প্রসঙ্গ আসলে তিনি বলেছেন, ‘আল্লাহই জানেন কী হবে..’।’’
দিলার চৌধুরী আরও বলেন, ‘আমার হাজব্যান্ডের ইন্তেকালের পর তার সঙ্গে দেখা হয়েছিল। আমাদের এবারের দেখাটা একেবারেই সৌজন্যমূলক। দেশের রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি।’
অবশ্য দিলারা চৌধুরীর পারিবারিক একটি সূত্র জানিয়েছে, তিনি (দিলারা চৌধুরী) তার সন্তানদের কাছে থাকতে দীর্ঘদিনের জন্য শিগগিরই আমেরিকায় পাড়ি জমাচ্ছেন। আর এ কারণেই তিনি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন।
খালেদা জিয়াকে কেমন দেখলেন- এমন প্রশ্নে দিলারা চৌধুরী বলেন, ‘উনি মেন্টালি খুব স্ট্রং। উনার মধ্যে ডিসেন্সি আছে, কাউকে বকাঝকা করে তিনি কিছু বলেন না। এই যে, জিয়াউর রহমানের কবর নিয়ে কী সব হচ্ছে, উনি কোনও কটু কথা বলেননি।’
শারীরিকভাবে কেমন দেখলেন- জবাবে দিলারা চৌধুরী বলেন, ‘ওনার শরীররটা বেশি ভালো নেই, হাঁটতে কষ্ট হয়। চিকিৎসার বিষয়েও তেমন কিছু বলেননি। তবে একজন চিকিৎসক তার নিয়মিত খোঁজ খবর রাখছেন, এতে তিনি খুব প্লিজড।’ সূত্র- বাংলা ট্রিবিউন।।
