দেড় কোটি টাকার সরকারি ভবন ​৪০ হাজারে বিক্রি!

নজর২৪ ডেস্ক- ভোলার দৌলতখানের হাজিপুর ইউনিয়ন মেঘনার ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। ওই ইউনিয়নের একমাত্র স্থাপনা হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনটি বিলীন হতে চলেছে।

মেঘনা এরই মধ্যে ভবনের ভিত্তি স্পর্শ করেছে। স্কুলটি যেকোনো সময় নদীগর্ভে তলিয়ে যেতে পারে।

 

এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ৩১ আগস্ট উপজেলা শিক্ষা বিভাগ তড়িঘড়ি করে উন্মুক্ত নিলাম ডেকে ১ কোটি ৩৭ লাখ টাকায় নির্মিত ভবনটি ৪০ হাজার টাকায় বেচে দিয়েছে। পাঁচজনের মধ্যে সর্বোচ্চ দরদাতা আভি আবদুল্লার কাছে এটি বিক্রি করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান ইলি কনস্ট্রাকশন উপজেলা এলজিইডির অর্থায়নে ভবনটি নির্মাণ করে। এক বছর না পেরোতেই এটি নদীগর্ভে বিলীন হতে চলেছে।

 

সঠিক সময়ে ভবনটি নিলাম ডাকের ব্যবস্থা কেন হয়নি, এমন প্রশ্নের জবাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হোসেন জানান, প্রধান শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি যথাসময়ে নদীভাঙনের তীব্রতা সম্পর্কে অবহিত করেননি, যার কারণে পর্যাপ্ত সময় নিয়ে নিলামের ব্যবস্থা করা যায়নি।

 

এ ব্যাপারে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমানকে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ওই চরে গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের সাতটি গুচ্ছগ্রামের ৪২০টি সরকারি ঘর ও ব্যক্তি পর্যায়ের আরও চার শতাধিক ঘরের কোনও চিহ্নই নেই।

 

মেঘনার ভাঙনে আট শতাধিক পরিবারের আবাসস্থল নদীগর্ভে বিলীন হয়েছে। এখন ওই চরে শুধু বিদ্যালয় ভবনটিই কোনোরকমে দাঁড়িয়ে আছে। তবে নিলামে নেওয়া ব্যক্তির নিয়োজিত শ্রমিকরা পিটিয়ে ভবনটি ভাঙার কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *