বিনোদন ডেস্ক- মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমণি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মুক্তি পান। কারাগার থেকে বেরিয়েই পেলেন আমজনতার রাজকীয় সম্ভাষণ। নিজেও শ্বেত-শুভ্র পোশাকে হাত উঁচিয়ে সবাইকে জানালেন ভালোবাসা। এভাবে সমর্থন ও ভালোবাসার জন্য হাতজোড় করে সবার প্রতি প্রকাশ করলেন কৃতজ্ঞতা।
যদিও জেলগেট থেকে ঘরে ফেরা পর্যন্ত মুখফুটে একটি শব্দও উচ্চারণ করেননি পরীমণি। তার হয়ে খানিক কথা বলেছেন আইনজীবী। তবে বাসায় ফেরার পর এক অনলাইন নিউজ পোর্টাল-এর সঙ্গে আলাপ হয় পরীর।
শুরুতেই বলেন, ‘একটু সময় দেন আমাকে। সব প্রশ্নের উত্তর দেবো।’
কিন্তু কাশিমপুর থেকে বেরিয়ে হাতের তালুতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখে যে কড়া বার্তা ছড়িয়ে দিলেন পরী, সেটি আসলে কার উদ্দেশে?
জবাবে পরী বলেন, ‘খুব সাধারণ উত্তর, আমার এই বার্তা বিচদের জন্য। ভালো মানুষদের জন্য নয়।’
কিন্তু আপনার দৃষ্টিতে এই ‘বিচ’ কারা? বললেন, “এটা লিখেছি আমার চারপাশের দু’মুখো সাপগুলোর জন্য। যারা ভালোবাসা মুখে দেখায়, কিন্তু হৃদয়ে বিষ ধারণ করে। আমার বিশ্বাস, যাদের জন্য বলেছি, তারা ঠিকই টের পেয়েছেন।’
এরপর মানসিক ও শারীরিক অসুস্থতার বিষয়েও আলাপ হয় পরীর সঙ্গে। বলেন, ‘বোঝেনই তো। ট্রমার মধ্যে আছি। একটু বিশ্রাম নিতে দিন।’
কিন্তু এমন পরিস্থিতির মধ্যে বাসায় উঠতেই বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন পরী! এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে বাসা ছাড়ার নোটিশ পেলাম! এখন কি আমি নিজ বাসায় থাকার অধিকারটাও হারাচ্ছি! আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাবো? নাকি দেশ ছাড়বো। আমি আমার বয়স্ক নানুভাইকে নিয়ে থাকি। এখন আমি কই যাবো?’
পরীমণি জানালেন, চার দিন আগে তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে। আজ বাসায় ফিরে তিনি সেটা জানতে পারেন।
