পরীমণি এবার হয়তো নিজেকে শুধরে নেবে: কাজী হায়াৎ

নজর২৪, ঢাকা- ২৬ দিন কারাগারে থাকার পর অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে মাদক মামলায় পরীমণির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

 

এদিকে ঢাকাই ছবির আলোচিত এই নায়িকা জামিন পাওয়ার সংবাদে শোবিজ অঙ্গনের অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পুরোনো ভুল শুধরে নিয়ে নতুন করে চলার কথাও বলছেন।

 

দেশের সনামধন্য চলচ্চিত্রকার কাজী হায়াৎ মনে করেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে পরীর শিক্ষা নেওয়া উচিৎ। গুণী এই নির্মাতা বলেন, ‘পরীর সঙ্গে আমার কোনো কাজ হয়নি। তার সঙ্গে আমার ওভাবে পরিচয়ও নেই। তবে পরীর সম্পর্কে যতটুকু জেনেছি, ওর লাইফস্টাইটা ভিন্ন। এটা ঠিক না। আমাদের দেশের বেশির ভাগ মানুষই মুসলিম। আর এটা পুরুষতান্তিক সমাজ। এখানে মেয়েদের অনেক দোষত্রুটি। তাদের নিয়ে অনেক সমালোচনা হয়। পরীর বিষয়েও তাই হয়েছে। এই ক’দিনে ওর চলাফেরা, কথাবার্তা সব কিছু নিয়ে দেশের মানুষের মধ্যে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা থেকে পরী অনেক কিছুই শিখেছে, কারাগারেও থাকতে হয়েছে। হয়তো পরী এবার নিজেকে শুধরে নেবে। সুন্দরভাবে জীবন পরিচালনা করবে।’

 

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *