ঝিনাইদহে হত্যাকে পুঁজি করে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া পুটিয়া গ্রামে হত্যা দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনাকে পুঁজি করে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

 

সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগি কয়েকটি পরিবারের সদস্যরা।

 

এসময় তারা অভিযোগ করে বলেন, গত ২৯ জুলাই পুটিয়া গ্রামে মসজিদে নামাজ পড়ার সময় আকামত দেওয়াকে কেন্দ্র করে মুসল্লীদের মাঝে বাক-বিতন্ডা হয়।

 

এরই জের ধরে পরদিন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোদাচ্ছের হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের মিলন-বিপুল বাহিনী গ্রামে লুটপাট ও ভাংচুর চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ওই গ্রামের কমপক্ষে ৭০ বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। তাদের অভিযোগ, গ্রামে মিলন-বিপুল বাহিনীর অত্যাচারে গ্রামের ৫০ এর অধিক পরিবার নির্দোষ হওয়া স্বত্তেও বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযানপন করছে।

 

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, মোদাচ্ছের হোসেন মারা যাওয়ার পর তার স্ত্রী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। যে মামলায় আসামীরা আদালতে আত্মসমর্পণ করে। কিন্তু তারপরও থেমে নেই অত্যাচার, লুটপাট ও ভাঙচুর। তাই এ অত্যাচার নিপীড়ন বন্ধে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

সংবাদ সম্মেলনের ভুক্তভোগী রজব আলী, যুমনা বেগম, লালমতি খাতুন, কবির হোসেন, বিউটি আক্তার ও রোকেয়া খাতুনসহ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *