বিনোদন ডেস্ক- নিজের ছবির ক্যাপশনে ইংরেজি একটি উক্তি যুক্ত করে গতকাল শনিবার সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ফেসবুকে সেই ছবির মন্তব্যের ঘরে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী মন্তব্য করেছেন—এই লেখা শাকিবের নয়! এ নিয়ে চলছে অন্তর্জালে তুমুল সমালোচনা।
গতকাল সন্ধ্যায় মার্কিন লেখক জিগ জিগলারের একটি উক্তি নিজের ছবির ক্যাপশনে যুক্ত করে প্রকাশ করেন শাকিব।
সেখানে ওমর সানী তাঁর ফেসবুক আইডি থেকে মন্তব্য করেছেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে ভাই ভালো থাকিস।’
যদিও শাকিবের পেজ থেকে ইংরেজি উক্তিটি কার সে তথ্যও জানানো হয়নি।
এমন কাণ্ডে শাকিব ভক্তদের একাংশ ভাবছেন ওমর সানী কটাক্ষ করেছেন শাকিবকে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রলও হচ্ছে অনেক। শুধু তাই নয়, ওমর সানীর সেই মন্তব্যে প্রায় ২ হাজার রিয়্যাক্ট এবং ৬ শতাধিক নেটাগরিক কমেন্ট করেছেন।
ওমর সানী বলেন, ‘আসলে ও (শাকিব) তো আমার ছোট ভাই। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, সেই রেশ ধরেই কথাটা বলেছি। আমি ওকে অনেক পছন্দ করি, ফান করেই কথাটা বলেছি। এটা নিয়ে সমালোচনার কী হলো, আমি বুঝলাম না!’
দুঃখ প্রকাশ করে ওমর সানী বলেন, ‘আমি বলেছি, এত সুন্দর লেখা তুই লিখেছিস বলে মনে হয় না। যাই হোক, ভালো থাকিস। আমি সব সময় যেভাবে বলি…সব সময় ওকে (শাকিব খান) এভাবেই বলি। এটা নিয়ে যদি ও আহত হয়ে থাকে, আমি সরি। কিন্তু এটা নিয়ে হার্ট করে আমি কিছু বলিনি। ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়ার মতো মন-মানসিকতা আমার নেই। যারা এসব সমালোচনা করছে, তাদের সংখ্যা নিতান্তই কম। আফটার অল, শাকিব বাংলাদেশের নাম্বার ওয়ান তারকা, সে নাম্বার ওয়ান। এতটুকু সম্মান-স্নেহবোধ আমার আছে।’
প্রসঙ্গত, শাকিব খান ও ওমর সানীর মধ্যে বাস্তব জীবনে বেশ ভালো সম্পর্ক। বিভিন্ন সময় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনেও একসারিতে দাঁড়িয়েছেন তারা। তবে সেই পোস্টে যখন ওমর সানীকে তুলোধুনো করা হচ্ছে সে সময়ও বরাবরের মতো নীরবতা পালন করছেন শাকিব খান।
