জিয়ার নামে অজ্ঞাত ব্যক্তির লাশ ঢাকায় কবর দেওয়া হয়: তথ্যমন্ত্রী

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ নয় বরং বিএনপিই জিয়ার লাশ নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, চট্টগ্রাম থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ নিয়ে এসে ঢাকায় জিয়াউর রহমানের নামে কবর দেওয়া হয়।

 

রবিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

 

ড. হাছান মাহমুদ বলেন, ‘ইতিহাস বিকৃতি এবং স্বাধীনতার পরাজিত অপশক্তিকে নিয়ে রাজনীতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে। স্বাধীনতার ইতিহাস বিকৃতি ঘটিয়েছে বিএনপি। লাশ নিয়ে কথা হচ্ছে। ঘটনার পর জিয়াউর রহমানের লাশ খুঁজে বের করার জন্য নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে রাঙ্গুনিয়ায় তিনটি কবরের মধ্য থেকে একটি লাশ জিয়াউর রহমানের নামে ঢাকায় এনে কবর দেওয়া হয়।’

 

তিনি বলেন, ‘কারও কবর যদি অন্যের নামে চালিয়ে দেওয়া হয়, তাহলে তা অনৈসলামিক। দলিল বলে আপনারা প্রতারণা করেছেন।’

 

তথ্যমন্ত্রী বলেন, সেনাবাহিনীর নির্দেশে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমানের লাশ ঢাকা আনা হয়েছে। কিন্তু জিয়ার নামে যে লাশ আনা হয়েছে, সেই লাশ জিয়ার ছিল না, কারণ সেই সময় তিনজন সেনা অফিসারের লাশ এক সাথে ছিল। সেখান থেকে না দেখেই একটি লাশ ঢাকায় আনা হয়েছে। ফলে এটা যে জিয়ার লাশ তার প্রমাণ নেই।

 

মন্ত্রী বলেন, ৫০ বছর পরও দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যা খবর ছাড়াচ্ছে বিএনপি-জামায়াত চক্র। তারা মুক্তিযুদ্ধের নায়কদের কথা তুলে না ধরে খলনায়কদের নায়ক হিসেবে তুলে ধরছেন উল্লেখ্য করে ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর পক্ষে ২৬ মার্চ প্রহরে প্রথম স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। এরপর দিন ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে দিয়ে স্বাধীনতা ঘোষাণাপত্র পাঠ করান। ঘোষকের প্রকৃত ইতিহাস বিকৃতি করা হচ্ছে।

 

তিনি বলেন, স্বাধীনতার তিন বছরের মধ্যে বঙ্গবন্ধুকে হ-ত্যা না করা হলে মাত্র ১০-১৫ বছরের মধ্যে বাংলাদেশ ধনী দেশে পরিণত হতো। সোনার বাংলাদেশে পরিণত হতো। বর্তমান প্রধানমন্ত্রী এখন বঙ্গবন্ধুর দেখানো পথে রাষ্ট্র পরিচালনা করছেন।

 

দেশবাসীকে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে বয়কটের আহবান জানিয়ে হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিকে রাজনীতি থেকে বিতারিত করতে হবে। আর এই পরাজিত শক্তিকে নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিয়োগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *