Home আলোচিত অবিলম্বে পরীমনির জামিন শুনানি করতে হাইকোর্টের রুল

অবিলম্বে পরীমনির জামিন শুনানি করতে হাইকোর্টের রুল

0
156

নজর২৪, ঢাকা- ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার জামিন আবেদনের ওপর দ্রুত শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ১৩ সেপ্টেম্বর বিচারিক আদালতে জামিন শুনানির দিন ঠিক করে রাখা আদেশ কেন বাতিল করা হবে না জানতে চাওয়া হয়েছে রুলে।

 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী ১ সেপ্টেম্বর মহানগর দায়রা জজকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু এহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

 

এর আগে বুধবার জামিন আবেদনের শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে বিচারিক আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি। একই সঙ্গে পরীমনির জামিন চাওয়া হয়। পরীমণির পক্ষে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান।

 

গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরীমণির জামিন আবেদন করেছিলেন আইনজীবী মজিবুর রহমান। জামিন বিষয়ে শুনানির জন্য মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। তার আগের দিন, ২১ আগস্ট পরীমণিকে তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

১৯ আগস্ট পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এর আগে গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যা ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

 

১০ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। গত ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here