পরীমণির কী লাগবে- টাকা, আইনজীবী? সবই করবো : জায়েদ খান

নজর২৪ ডেস্ক- গত ৪ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর হাতে চিত্রনায়িকা পরীমণি আটকের তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলন ডেকে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

 

সমিতির ‘ভাবমূর্তি’ রক্ষার্থে এমন সিদ্ধান্ত হলেও শিল্পী নেতারা জানান, প্রয়োজনে সহকর্মী হিসেবে পরীর পাশে থাকবেন। চাইলে আইনগত নানা সহযোগিতা নিয়ে পরীর পাশে দাঁড়াবেন।

 

তবে আটক ও গ্রেফতারের ২০ দিন পার হলেও রাজপথ, আদালত বা জেলগেটে দেখা মেলেনি সমিতির কোনও নেতার। শুধু মুখে বললেও পরীমণির আদৌ কোনও সহযোগিতা দরকার কিনা- তা জানতে চায়নি সমিতির নেতৃস্থানীয় কেউই। এসব বিষয়ে প্রশ্ন উঠেছে নানা মহল থেকে। প্রায় সবার একই জিজ্ঞাসা, পরীমণির বিষয়ে কথা রেখেছে কি শিল্পী সমিতি?

 

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় চলচ্চিত্র সংগঠনটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে। মিশাকে পাওয়া না গেলেও কথা বলেন জায়েদ।

 

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের সমিতির একজন আইনজীবী আছেন, তিনি সবসময় বিষয়টি পর্যবেক্ষণ করছেন, খোঁজ রাখছেন। পরীর কী লাগবে- টাকা, আইনজীবী? সবই আমরা করবো তিনি যদি চান।’

 

পরীমণির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’র নায়ক ছিলেন জায়েদ। এমনকি এই অভিনেতার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘অন্তর জ্বালা’তেও নায়িকা হিসেবে পরীকে পেয়েছেন। সহকর্মী হিসেবে হলেও তাকে দেখতে যাওয়া উচিত কিনা- এমন প্রশ্নে জায়েদ বলেন, ‘তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ নেই বলে পত্রিকায় দেখলাম। আইনজীবীকে দেখা করতে দেয়নি আদালত। এ কারণে আর যাইনি।’

 

জায়েদ খান জানান, আমান রেজা পরীর হয়ে আইনি লড়াই করছেন, এছাড়া দু’একজন সদস্য পরীর জন্য স্ট্যাটাস দিয়েছেন। এতে সমিতি কখনোই কাউকে নিরুৎসাহিত করেনি। সহকর্মীর পাশে চাইলে যে-কেউই দাঁড়াতে পারেন।

 

এদিকে, খোঁজ নিয়ে জানা যায়, আদালত গত ২১ আগস্ট পরীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি তার আইনজীবীদের। তবে পরীর বন্ধু-বান্ধব বা আত্মীয়রা চাইলে দেখা করতে পারবেন। এমনকি পরীর শতবর্ষী নানাও আদালতে গিয়ে এ চিত্রনায়িকার সঙ্গে দেখা করেছেন।

 

জানতে চাইলে  পরীমণির আইনজীবী প্যানেলের সদস্য ফখরুল বাহার শাকী বলেন, ‘আমরা আইনজীবীরা পরীমণির সঙ্গে আইনি বিষয়ে পরামর্শ করতে চেয়েছিলাম। তবে কারাবিধি অনুসারে আসামির স্বজন-পরিচিতজনরা চাইলে কারাগারে গিয়ে অনুমতি নিয়ে দেখা করতে পারেন। সেক্ষেত্রে কোনও আইনি বাধা নেই।’

 

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‌্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তিন দফা রিমান্ড শেষে কাশিমপুর মহিলা কারাগারে রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *