পরীমনির ভাগ্য নির্ধারণ ১৩ সেপ্টেম্বর

নজর২৪ ডেস্ক- রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এবার মহানগর দায়রা জজ আদালতে চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন করেছেন তার আইনজীবী।

 

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে রোববার পরীমনির পক্ষে আইনজীবী মজিবুর রহমান এ জামিন আবেদন করেন। আদালত আগামী ১৩ সেপ্টেম্বর জামিন আবেদনটি শুনানির জন্য তারিখ দেয়।

 

জামিন শুনানির ঠিক দুই দিন পর ১৫ সেপ্টেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার তারিখ রয়েছে।

 

পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘আমরা সিএমএম আদালতে জামিন আবেদন করেছিলাম। সেখান থেকে জামিন পাইনি। এবার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছি। ১৩ সেপ্টেম্বর জামিন শুনানি হবে।

 

‘আশা করছি মহানগর দায়রা আদালতের বিচারক বিষয়টি বিবেচনায় নিয়ে পরীমনিকে জামিন দেবেন।’

 

তিনি বলেন, ‘অনেক দিন ধরে পরীমনি কারাগারে আছেন। শারীরিকভাবে অসুস্থ তিনি। তার পেশাগত কাজ আটকে আছে, শুটিং বন্ধ রয়েছে। ১০টি সিনেমার সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। সেসব সিনেমার সহশিল্পী কলাকুশলীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে সরকারি অনুদানের ছবি অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে কাস্টিং নায়িকা পরীমনি।

 

‘এত বড় মাপের একজন শিল্পীকে এভাবে একটি মামলায় আটকে রাখার মধ্যে আইনি সঠিক সিদ্ধান্তের বিষয় হতে পারে না। তাই আশা করছি, সবকিছু বিবেচনায় রেখে আদালত তার জামিন মঞ্জুর করবে।’

 

মাদক মামলায় তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে শনিবার পরীমনিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে সিআইডি।

 

এর আগেও আদালতের নির্দেশে পরীমনিকে দুই দফায় মোট ছয় দিন নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।

 

১৯ আগস্ট তৃতীয় দফায় পরীমনিকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। ওই সময় শুনানি শেষে তাকে জিজ্ঞাসাবাদ করতে এক দিনের জন্য সিআইডির হেফাজতে দেয়ার আদেশ দেন মহানগর হাকিম আতিকুল ইসলাম।

 

রিমান্ড শেষে শনিবার বেলা পৌনে ১২টার দিকে পরীমনিকে সিএমএম আদালতে হাজির করা হয়। সেখানে মাত্র ১০ মিনিটে শুনানি শেষ হয়। পরে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *