নজর২৪, ঢাকা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে আজ (২১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হবে।
শুক্রবার (২০ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে পরীমনির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বিকেল ৪টা ১০ মিনিটে রিমান্ড কার্যকর করার জন্য তাকে সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আজ রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, পরীমনিকে তার বনানীর বাসা থেকে গত ৪ আগস্ট মাদকদ্রব্যসহ আটক করে র্যাবের একটি দল। পরের দিন তাকে আটকের বিস্তারিত তুলে ধরা হয়। ওই দিনই বনানী থানায় এই অভিনেত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে বাহিনীটি।
এই মামলায় পরীমনিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে চার দিনের রিমান্ডে পাঠান বিচারক। গত ১০ আগস্ট সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এই অভিনেত্রীকে আরও দুই দিনের রিমান্ড আদেশ দেয় আদালত। সেই রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
