বাবুনগরীর অভাব সহজে পূরণ হওয়ার নয়: মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বাংলাদেশে ইসলামি জ্ঞান চর্চা এবং ইসলামের প্রচার, প্রসার ও মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

 

তার মৃত্যুতে একজন দৃঢ়চেতা ও সাহসী মানুষের নেতৃত্ব থেকে জাতি বঞ্চিত হলো।

 

শোকবার্তায় তিনি আরও বলেন, খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ও পন্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন।

 

বিএনপির মহাসচিব বলেন, দেশের স্বনামধন্য ইসলামি চিন্তাবিদ জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান আলেমকে হারালো, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান জুনায়েদ বাবুনগরী। হেফাজতের সাংগঠনিক সম্পাদক আল্লামা মীর ইদরিস বলেন, সাড়ে ১২টার দিকে বাবু নগরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

 

বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যান অনুসারীরা। ৬৭ বছর বয়সী আল্লামা বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *