নজর২৪ ডেস্ক- আফগানিস্তান থেকে কিছু মানুষকে বাংলাদেশে সীমিত সময়ের জন্য আশ্রয় দিতে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। তবে ঢাকা ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশের পক্ষে একজন লোককেও আশ্রয় দেওয়া সম্ভব নয়।
সোমবার (১৬ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মোবাইল ফোনে এক অনলাইন নিউজ পোর্টালকে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র বলেছে, আমাদের দেশে তো বহু রোহিঙ্গা রাখছি। সেখানে যুক্তরাষ্ট্র আমাদের সাহায্য করছে। তারা বলেছে তাদের অনেক বন্ধু আফগানিস্তানে আছেন, তারা তাদের অন্যদেশে সরাতে চায়। এটা খুব জরুরি ইস্যু। বাংলাদেশ যদি ওদের স্বল্পদিনের জন্য আশ্রয় দেয় তারা খুব খুশি হবে।
আমরা বলেছি যে, তোমরা আমাদের কথা চিন্তা করেছে সেটা ভালো খবর। কতগুলো লোককে তোমরা সরিয়ে নেবে? ওদের কতদিন রাখবে? কোন কোন দেশকে তোমরা অনুরোধ করেছ? দেখ আমরা বড় কষ্টে আছি। আমাদের এখানে এত জায়গা নেই। অর্থনীতি অত ভালো না। সুতরাং আমরা আর একটা লোকও নিতে পারব না। আমাদের সেই অবস্থান নেই।’
এর আগে বিকালে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমরা জনতার সরকারে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিক সরকারে বিশ্বাস করি। সে দেশের মানুষের যেটা ইচ্ছা, তারা যে সরকার গঠন করে, তাতে আমরা বিশ্বাস করবো। বাংলাদেশের সব সরকারের সাথে বন্ধুত্ব। যে সরকারই আমাদের থেকে সাহায্য-সহযোগিতা চাইবে, আমরা তাদের সাহায্য-সহায়তা দেব।’
তালেবান ক্ষমতা দখল করায় ঢাকার সঙ্গে কাবুলের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি-না জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘আফগানিস্তান সার্কের সদস্য, আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা চাই তাদেরও উন্নতি হোক। আমরা সবাইকে নিয়ে সবার উন্নয়ন করতে চাই। নতুন যে সরকারই আসুক, সেটা যদি জনগণের সরকার হয়, তাহলে আমরা তাকে গ্রহণ করবো।’
তিনি বলেন, যদি তালেবান সরকার হয় এবং হয়েছে; এবং সেটা যদি জনগণের সরকার হয়, অবশ্যই তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে।





