নজর২৪, ঢাকা- তালেবান আফগানিস্তানে জনগণের সরকার গঠন করলে তাদের সাহায্যার্থে বাংলাদেশও এগিয়ে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে চীনের সঙ্গে যৌথভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকা উৎপাদনের চুক্তি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
আফগানিস্তানে তালেবান সরকার গঠন করলে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তালেবান সরকার গঠন করে আর সেটা যদি জনগণের সরকার হয়, অবশ্যই তাদের জন্য আমাদের সাহায্য ও বন্ধুত্বের দরজা খোলা।’
‘আফগানস্থান আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু দেশ। আমরা চাই, তাদের দেশেও উন্নতি হোক। আমরা সবাইকে নিয়ে সব দেশের উন্নয়ন করতে চায়। আফগানিস্থানে যে সরকারই আসুক, সেটা যদি জনগণের সরকার হয় আমরা তা গ্রহণ করবো।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জনতার সরকারে বিশ্বাস করি। জনগণ যাকে পছন্দ করে আমরা সেই সরকারে বিশ্বাস করি। আমরা গণতান্ত্রিক সরকারে বিশ্বাসী। সে দেশের মানুষের ইচ্ছায় তৈরি করা সরকারে বিশ্বাস করি আমরা।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি সেই সরকারে, যাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব; তাদের সঙ্গেই আমাদের বন্ধুত্ব। আর সেই সরকার আমাদের কাছে সাহায্য চাইলে করবো।
