নজর২৪ ডেস্ক- চলচ্চিত্র নায়িকা পরীমণির সঙ্গে সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিনকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে।
শনিবার রাতে সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (হেড অব কোর্ট অপারেশন) গাজী এম শওকত হাসান বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় এই মামলা দায়ের করেন।
রবিবার (১৫ আগস্ট) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান সিটি ব্যাংকের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এজাহারে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে অজ্ঞাতনামা আসামিরা সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও অন্যান্য কর্মকর্তাদের অনুমতি ছাড়াই পরিচিত তথ্য ব্যবহার করে ফেসবুক, ইউটিউব চ্যানেল ও অন্যান্য ওয়েবসাইটে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে।
সিটি ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালককে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করাসহ ব্যাংক থেকে অসাধু উপায়ে অর্থ আদায়ের হীন উদ্দেশ্য বাস্তবায়নে মিথ্যা, মানহানিকর তথ্য দিয়ে ভিডিও তৈরি করে অপপ্রচার করা হচ্ছে। যা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।
এজাহারে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে প্রচার করা কয়েকটি ভিডিওর লিংক উল্লেখ করা হয়েছে।
যেসব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ:
১. ভাইরাল প্রতিদিন।
২. Nayeem Korea
৩. ইলিয়াস হোসাইন
৪. CarHub BD
৫. ইউটিউব চ্যানেল: Khobor BD
৬. ইউটিউব চ্যানেল: MTIS BD VOICE
৭. ইউটিউব চ্যানেল: TALK WITH SHAWON
৮. ইউটিউব চ্যানেল: STAR NEWS BANGLA
৯. ইউটিউব চ্যানেল: London Bangla-লণ্ডনবাংলা
১০. ইউটিউব চ্যানেল: AROUND NEWS24
১১. ইউটিউব চ্যানেল: Probashi360
১২. ইউটিউব চ্যানেল: Monira Sultana Popy





