নজর২৪ ডেস্ক- তালেবানের হয়ে যুদ্ধ করতে কিছু বাংলাদেশি বিভিন্ন পন্থায় আফগানিস্তান যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা বিষয়ক ব্রিফিংয়ে শনিবার এ কথা জানান তিনি।
এ সময়, ১৫ আগস্টে যেকোনো ধরনের জঙ্গি হামলা প্রতিরোধে প্রস্তুতির কথা জানান ডিএমপি কমিশনার। সে জন্য জঙ্গি তৎপরতা রুখতে সাইবার তৎপরতা বাড়ানো হয়েছে বলেও তুলে ধরেন শফিকুল ইসলাম।
তিনি বলেন, জঙ্গিদের নজরদারির জন্য সাইবার তৎপরতা বাড়ানো হয়েছে। এখন সারা পৃথিবীর সাইবার ওয়ার্ল্ডের মধ্যে বন্দি হয়ে গেছে। জঙ্গিরাও সাইবার মিডিয়ামগুলো ব্যবহার করে তাদের রিক্রুটমেন্ট করার চেষ্টা করছে।
‘সাম্প্রতিক সময়ে আমরা যে প্রবণতাগুলো দেখছি তা হলো, আফগানিস্তানের যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে, তালেবানদের পক্ষ থেকে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘দেশ থেকে তালেবানদের সঙ্গে যুদ্ধ করার জন্য অলরেডি কিছু মানুষ হিজরত করেছে। আমরা ধারণা করছি, কিছু মানুষ ইন্ডিয়ায় ধরা পড়েছে। আর কিছু মানুষ হেঁটে বা অন্য উপায়ে আফগানিস্তানের পৌঁছানোর চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘শুধু আমরা না, সাইবার ওয়ার্ল্ডে বিভিন্ন সংস্থা তাদের মনিটর করার চেষ্টা করছে। যখনই সন্দেহভাজন কিছু পাওয়া যায়, আমাদেরকে জানানো হয়। যত গোয়েন্দা সংস্থা আছে সবাই তৎপর আছে।’
জঙ্গিদের বিষয়ে সরকারের সব গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জঙ্গিরা থেমে নেই এটা বলা যায়। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে।’
চলতি মাসে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি গ্রেফতার হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘গত পরশু অনলাইনে বোমা তৈরির লিডিং পর্যায়ের জঙ্গি সংগঠনের একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সে বোমা বিশেষজ্ঞ ও অনলাইনে বোমা বানানোর প্রশিক্ষণ দিত। তারা ধাপে ধাপে উন্নতি করছিল, এই পুরো গ্যাংটাকে আমরা গ্রেফতার করতে পেরেছি।’
ডিএমপি কমিশনার জানান, জঙ্গিদের প্রধান টার্গেট হলো আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা। এ জন্য ১৫ আগস্টকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে।
তিনি বলেন, ‘১৫ আগস্ট অনুষ্ঠানস্থল না হলেও ২ কিলোমিটারের মধ্যেও যদি জঙ্গিরা কোনো ঘটনা ঘটাতে পারে, তাহলে তারা আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আমরা মনে করি না এ ধরনের কোনো ঘটনা ঘটবে।’
‘তবে কোনো ধরনের আশঙ্কা আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না, শঙ্কা রয়েছে। আমরা যেকোনো ধরনের ঘটনা এড়াতে সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করছি।’
