এবার পরীমনির পাশে দাঁড়ালেন গিয়াস উদ্দিন সেলিম

বিনোদন ডেস্ক- নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে নিজেকে নতুন করে চিনিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। পেয়েছিলেন ব্যাপক প্রশংসা।

 

সম্প্রতি গ্রেফতার হয়েছেন ঢাকাই ছবির আলোচিত এই নায়িকা। বনানীর বাসা থেকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকেও মাদক জব্দ করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি পরীমণিকে দুই দফায় ছয় দিন রিমান্ডের পর গতকাল শুক্রবার কারাগারে পাঠিয়েছে।

 

এদিকে পরীমনির এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। যে প্রক্রিয়ায় পরীমনি ও চয়নিকা চৌধুরীকে আটক করা হয়েছে সেটি সমর্থন করেন না বলেও জানিয়েছেন তিনি। এছাড়া এ ঘটনা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ব্যক্তিগতভাবে নিয়েছেন বলেও মনে করেন তিনি।

 

‘মনপুরা’খ্যাত এই চিত্রপরিচালক গণমাধ্যমকে বলেন, ‘পরীমনি এবং চয়নিকা চৌধুরীকে আটকের ঘটনা দেখে আমার মনে হয়েছে আমরা বোধহয় আরো দুজন জঙ্গিকে গ্রেপ্তার করছি। পরীমনিকে যেভাবে আটক করা হয়েছে, তাতে তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। কারণ কোনোরকম সার্চ ওয়ারেন্ট ছাড়া কাজটি করা হয়েছে। এটি খুবই উদ্বেগজনক।’

 

‘তবে সরকার এদিকে যথাযথ নজর দেবেন এবং এর প্রতিকার করবেন’ বলেও আশাপ্রকাশ করেন তিনি।

 

পরীমনি গ্রেপ্তারের পরপরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এই চিত্রনায়িকার সদস্যপদ স্থগিত করে। এ প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘জায়েদ খানের কথা টক শোতে শুনেছি। তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়েছেন। সংগঠনটির কার্যনির্বাহী সদস্যরা নেতা হিসেবে বিষয়টি দেখেননি বরং ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়েছেন বলে আমার মনে হয়েছে।’

 

‘বন্ধু বাড়াতে হবে। বন্ধু না থাকলে সংগঠন দাঁড়াবে না। তাদের কথাবার্তা খুবই দায়সাড়া এবং এই মনোভাব অপেশাদার’ বলেও উল্লেখ করেন এই নির্মাতা।

 

পরীমনিকাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হচ্ছে। এ প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমরা শুধু অন্যের ভুল-ত্রুটি ধরার জন্য এই মিডিয়া ব্যবহার করছি। নিজে কেমন সেই চিন্তাটা অনেকেই করেন না। আমরা জাতিগতভাবে, অন্যের ভুল নিয়ে কথা বলতে পছন্দ করি। এক ধরনের মিডিয়া, ক্যামেরা ট্রায়াল হচ্ছে। বিচারে অপরাধ প্রমাণ হওয়ার পর একজন মানুষকে অপরাধী বলা যায়। কিন্তু সেটা হচ্ছে না, তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থভাবে আমরা বিচার করে ফেলছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *