Home দেশের খবর নেশার টাকার জন্য পিতার উপর হামলা, ছোট ভাইয়ের লাঠির আঘাতে যুবকের মৃত্যু!

নেশার টাকার জন্য পিতার উপর হামলা, ছোট ভাইয়ের লাঠির আঘাতে যুবকের মৃত্যু!

0
148

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে বাবাকে কোদাল দিয়ে আঘাত করে সুনু (২৮) নামে এক যুবক। বাবাকে বাঁচাতে ডাক চিৎকার করেন ছোট বোন।

 

সে সময় ছোট ভাই রিফাত (১৬) এসে বাবাকে মারতে দেখে বড় ভাই সুনুকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে।

 

পরে স্থানীয়রা গুরুত্ব আহত অবস্থায় বাবা আব্দুস ছাত্তার (৫৫) ও ছেলে সুনু মিয়াকে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে পাঠালে সেখানে মারা যান সুনু মিয়া। অন্যদিকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বাবা আব্দুস ছাত্তার।

 

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আগারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামে। নিহত সুনু মিয়া মাদকাসক্ত ছিলেন বলে জানান প্রতিবেশীরা।

 

নিহতের প্রতিবেশী চাচা সালাউদ্দিন জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে তার বাবা আবদুস সাত্তার বাজার থেকে বাড়িতে আসেন। ওই সময় সুনু মিয়া বাবার কাছে কিছু টাকা চায়। নেশার পিছনে খরচ করবে বলে বাবা টাকা দিতে অস্বীকার করলে ক্ষুদ্ধ হয়ে সুনু মিয়া ঘরে থাকা কোদাল নিয়ে বাবাকে কোপানো শুরু করেন।

 

এ দৃশ্য দেখে সুনুর কিশোরী বোন চিৎকার করতে থাকে। চিৎকার শুনে সুনুর ছোট ভাই রিফাত মিয়া সেখানে আসেন। কোপানোর দৃশ্য দেখে প্রথমে সে ভয় পেয়ে যায়। পরে বাবাকে বাঁচাতে একটি লাঠি দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে।

 

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত সুনু মিয়া মাদকাসক্ত ছিলেন। তার অপ্রকৃতস্থ অবস্থা দেখে অনেকেই ভয় পেত। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here