মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নতুন জামা কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমানে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বানাইল ইউনিয়নের ভরড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী ওই ইউনিয়নের ভরড়া গ্রামের মো. আজমল আলীর মেয়ে তাসলিমা আক্তার মীম (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন।
পরিবার সুত্রে জানা যায়, সোমবার রাতে ভাত খাওয়ার সময় মায়ের কাছে নতুন জামা কিনে দিতে আবদার তরে তাসলিমা। কিন্তু সার্বিক পরিস্থিতিতে আর্থিক অবস্থা খারাপ হওয়ায় কয়েকদিন পর নতুন জামা কিনে দেয়ার প্রতিশ্রুতি দেয় তার মা।
কিন্তু তাসলিমা জামার কিনে দেয়ার জন্য কান্নাকাটি করতে থাকে এবং এক পর্যায়ে মার সাথে অভিমান করে রাতে নিজ ঘরে গিয়ে শুয়ে পড়ে।
মঙ্গলবার সকালে উঠতে দেরি হওয়ায় তাকে অনেক ডাকাডাকি করা হলেও দরজা না খোলায় সন্দেহ হলে দরজা ভেঙে তাসলিমার গলায় ওড়না পেচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার স্বজনরা।
পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন মির্জাপুর থানার কর্তব্যরত ডিউটি অফিসার এস.আই ফজলু সিকদার।





