যুবলীগ থেকে বহিস্কার করায় যা বললেন ব্যারিস্টার সুমন

নজর২৪ ডেস্ক-যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার চিঠি পেলে জবাব দেবেন আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

 

শনিবার (৭ আগস্ট) রাতে অব্যাহতির কারণ জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, চিঠি পাওয়ার পর জবাব দেব।

 

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তাকে কমিটিতে নিয়েছেন জানিয়ে সুমন বলেন, তিনি যদি মনে করেন আমাকে বাদ দিলে দলের ভালো হবে, তাহলে সাংগঠনিক এ সিদ্ধান্ত মেনে নেব।

 

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আজীবন দলের ভালোর জন্য কাজ করে যাওয়ার কথা জানান ব্যারিস্টার সুমন।

 

জয়বাংলা স্লোগান নিয়ে অযাচিত কিছু বলেননি বলে দাবি করেন তিনি। জানান, থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার জয় বাংলা স্লোগান দেওয়া ঠিক হয়নি বলে ফেসবুক লাইভ করেছিলেন তিনি।

 

জানা যায়, গত ৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের একটি দলীয় কর্মসূচিতে স্লোগান দিয়েছিলেন সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।

 

“শুভ শুভ দিন শেখ কামালের জন্মদিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” ওই স্লোগানের ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। প্রকাশ্যে রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিয়ে স্লোগান দেয়ায় ওসি সরকারি বিধিমালা ১৯৭৯ লঙ্ঘন করেছেন এমন কথাও বলেন কেউ কেউ।

 

এই ঘটনার পর যুবলীগ নেতা ব্যারিস্টার সুমন সবচেয়ে বেশি সমালোচনা করেন। ৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে ওসির এই স্লোগানের নিন্দা জানান ব্যরিস্টার সুমন।

 

আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক স্লোগান ও পুষ্পস্তবক অর্পণ করা শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেনের তীব্র সমালোচনা করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। যে কারণে তাকে যুবলীগের পদ থেকে অব্যাহতি পেতে হলো বলে সংশ্লিষ্ট সূত্রগুলাে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *